৭ মার্চের ভাষণের স্বীকৃতি পাওয়ার বিশ্বাস ও আস্থা ছিল: তোফায়েল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের যে আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে সেই বিশ্বাস ও আস্থা বাংলাদেশের মানুষের মধ্যে আগে থেকেই ছিল বলে মন্তব্য করেছেন প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ।
একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্ট্রারে যুক্ত হওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
৭ মার্চের ভাষণের সময় মঞ্চে বঙ্গবন্ধুর সঙ্গে থাকা তোফায়েল বলেন, “এই ভাষণটি যে একদিন আন্তর্জাতিক বিশ্বে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে রূপান্তরিত হবে এ বিশ্বাস এবং আস্থা আমাদের ছিল।”
আওয়ামী লীগ নেতা তোফায়েল ওই ভাষণেল তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “আজকে আমার কাছে প্রতীয়মান হয়েছে এই ভাষণ ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ।
“কারণ একটি ভাষণের মধ্য দিয়ে তিনি একটি জাতিকে একটি মোহনায় দাঁড় করিয়েছেন, মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন।এটা কোনো লিখিত বক্তব্য ছিল না। এই বক্তব্য ছিল তার হৃদয়ের গভীরে যে বিশ্বাস সেই বিশ্বাস থেকে দেওয়া।”
৭ মার্চের ভাষণের দিন সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ কেমন ছিল তার খানিকটা বর্ণনা দেন বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল।
“উত্তাল তরঙ্গ, সমুদ্রের মত সেই শব্দ। সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ। লোকে লোকারণ্য, কারও হাতে বৈঠা, কারও হাতে সেই কৃষকের লাঙ্গলের ফলা, শ্রমিকের হাতে লাঠি। তিনি যখন ভায়েরা বলে বক্তব্য শুরু করলেন পিনপতন নিস্তব্ধতা হয়ে গেল। তার মধ্যে তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি রাখলেন।”
তিনি বলেন, “খুব সতর্কতার সাথে তাকে বক্তৃতা দিতে হয়েছে। কারণ একদিকে স্বাধীনতার ঘোষণা দেবেন আরেক দিকে যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত না করে সেই ব্যাপারে তিনি সজাগ ছিলেন। হৃদয়ের বিশ্বাস থেকে যার জন্য তিনি সংগ্রাম করেছিলেন তিনি তা উল্লেখ করেছেন।”
তোফায়েলের ভাষায়, একটা মুক্তিযুদ্ধ কীভাবে হয়, একটি গেরিলা যুদ্ধ কীভাবে সংগঠিত করা যায় তার সমস্ত নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে বেশ কয়েক লাইন নিজের কণ্ঠে শোনান তোফায়েল।
বঙ্গবন্ধুর সহচর্য পাওয়াকে নিজের জন্য সৌভাগ্য বলে মনে করেন তিনি।
ওই ভাষণের স্বীকৃতির ক্ষণে বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকাণ্ড বিস্তারিতভাবে তুলে ধরার পাশাপাশি জাতির পিতার সঙ্গে কাটানো বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন তিনি।
“জাতির জনক নেই। এই বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশ তার রক্তে প্রতিষ্ঠিত বাংলাদেশ। এই বাংলাদেশের জন্যই তিনি স্বপ্ন দেখেছিলেন। জীবনের যৌবন কাটিয়েছেন কারাগারে, চার হাজার ৬৮২ দিন তিনি কারাগারে বন্দি ছিলেন,” বাষ্পরূদ্ধ হয়ে ওঠে তোফায়েলের কণ্ঠ।
পাকিস্তান হাই কমিশনের ফেইসবুক পেইজে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলে একটি ভিডিও আপলোডের তথ্য জানিয়ে তার প্রতিক্রিয়া চাওয়া হলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
“জিয়াউর রহমান নামে একটা লোক আছে, আমি তোফায়েল আহমদ জানতাম না। আমরা যখন উনসত্তরের গণঅভ্যূত্থান করি, তখন জিয়াউর রহমানের নামও ছিল না। বঙ্গবন্ধু যখন ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন, তখন জিয়াউর রহমান নামে কোনো মানুষ আছে আমরা জানতাম না।
“আমি যদি বলি, জিয়াউর রহমান চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকত অথবা ঢাকায় থাকত, তবে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন। কারণ তিনি স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না।
“তার বড় প্রমাণ সংবিধানকে তিনি তছনছ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। চারটি মূল নীতিকে তিনি তছনছ করেছেন।”
