২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবি

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারপতি নিয়োগে সরকারের উদ্যোগের মধ্যে সংবিধানের আলোকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 07:17 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

একইসঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

গত রোববার দায়িত্বরত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডাকা সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানায় আইনজীবী সমিতি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই।

“আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগের ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি বিচারক নিয়োগের নীতিমালা বা নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনা সম্পর্কে কিছু বলেননি।

“এ অবস্থায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ৯৫ (২) অনুচ্ছেদ এবং চলতি বছরের ১৩ এপ্রিল হাই কোর্টের একটি রায়ের আলোকে নীতিমালা প্রণয়ন করে সুপ্রিম কোর্টে বিচার নিয়োগের দাবি জানাচ্ছি।”

সংবিধানে থাকার পরও কোনো সরকার আমলেই বিচারক নিয়োগের নীতিমালাটি না করার সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন।

“আইনমন্ত্রী পরিবর্তন হয়, একের পর এক পরিবর্তন হয়। কিন্তু সরকার নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের ইচ্ছামতো বিচারপতি নিয়োগ করে। কখনোই ৯৫(২) ধারা ফলো করে না।”

আইনজীবী সমিতির সম্পাদক, বিএনপির সাবেক এমপি মাহবুব উদ্দিন খোকনও বলেন, “সরকার যায় সরকার আসে, কিন্তু বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন করা হয় না।”

উচ্চ আদালতে মেধাবী বিচারক নিয়োগে জোর দিয়ে তিনি বলেন, “উচ্চ আদালতের বিচারকদের বেশি মেধাবী হওয়া দরকার। কারণ এখানে বিচারিক আদালতের মামলাগুলো পুনর্বিবেচনা করা হয়।

“কিন্তু সে বিবেচনা করা হচ্ছে না। কেউ বিএনপি বা আওয়ামী লীগ করলেই জ্যেষ্ঠ বিচারপতি হয়ে যেতে পারেন। কারও রাজনৈতিক বিশ্বাস বা আদর্শ থাকতে পারে। কিন্তু বিচারক হতে হলে অবশ্যই সৎ, মেধাবী ও ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।”

যারা কোনো রাজনৈতিক পদে রয়েছেন, তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়ে খোকন বলেন, “স্বজনপ্রীতি, দলপ্রীতি, তেলবাজী আমরা বিচার বিভাগে চাই না।”

সংবাদ সম্মেলনে সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।