সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল পাওনা ১৬০০ কোটি টাকা
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ১৬০০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি এসব বকেয়া বিল আদায়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের কাছে বিদ্যুৎ বিল বাবদ এক হাজার ৬৬৪ কোটি টাকা বকেয়া রয়েছে, যার অর্ধেকের বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা।
প্রতীকী ছবি
বয়েকা আদায়ের জন্য তাদের সংযোগ কেটে দিতে গেলে রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে। এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। যার কারণে ইচ্ছা থাকার পরও এসব সেবামূলক প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করতে পারছে না তারা।
কমিটির সদস্য সামশুল হক চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, "“আমরা কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের উদ্যোগ নিতে বলেছি।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আগামী ১-৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লমেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রফিকুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মো. তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে যোগ দেন।
