বালাইনাশক আইন ভঙ্গের সর্বোচ্চ সাজা লাখ টাকা জরিমানা
অনিবন্ধিত বালাইনাশক বিক্রি ও মজুদ এবং মিথ্যা তথ্যে বালাইনাশকের বিজ্ঞাপন প্রচারে সাজা বাড়িয়ে লাখ টাকা জরিমানার বিধান রেখে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বালাইনাশক আইন, ২০১৭’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “১৯৭১ সালের অধ্যাদেশ ধরে পেস্টিসাইড সেক্টরটা চলছিল। পেস্টিসাইড অর্ডিন্যান্সকে বাংলায় অনুবাদ করে একটু পরিমার্জন করে নতুন বলাইনাশক আইন করা হচ্ছে।
“কীটনাশক শব্দটি সবকিছু কাভার করে না। এজন্য বালাইনাশক দিয়ে সবটা কাভার করা হয়েছে। পোকা, ছত্রাক, ব্যাকটেরিয়া, কৃমি, ভাইরাস, আগাছা বা ইঁদুর জাতীয় প্রাণী বা অন্য উদ্ভিদ, কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ, ধ্বংস প্রশমনের বিষয় বালাইনাশকের মধ্যে চলে আসে।”
পুরনো আইনটি ঠিক রেখে নতুন আইনে বিভিন্ন অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে জানিয়ে শফিউল বলেন, “রেজিস্ট্রার্ড ব্র্যান্ডের কোনো বালাইনাশক বিক্রি বা বিক্রির জন্য উন্মুক্ত, মজুদ বা বিজ্ঞাপন দিলে যার ট্যাগ, লেবেল বা প্যাকেজ চিহ্নিত ব্র্যান্ডের প্রকৃতি, উপাদান বা গুণাগুণ যুক্ত না হলে এবং বিজ্ঞাপনে বালাইনাশক মিথ্যাভাবে উপস্থাপন করলে অপরাধ হিসেবে গণ্য হবে।”
তিনি বলেন, একই অপরাধ আবার করলে জরিমানা সর্বোচ্চ দুই লাখ টাকা ও অনাদায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
গত ২০ মার্চ ‘বালাইনাশক আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
খসড়ায় প্রথমবার এসব অপরাধ করলে কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছিল। আর একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা হওয়ার কথা ছিল এক লাখ টাকা (সর্বোচ্চ ২ লাখ টাকা) ।
আগে এসব অপরাধ প্রথমবার করলে ৫০ হাজার টাকা, দ্বিতীয়বার করলে ৭৫ হাজার টাকা (সর্বোচ্চ এক লাখ টাকা) জরিমানার বিধান ছিল।
মন্ত্রিপরিষদ সচিব “উৎপাদনকারী বালাইনাশক আইনের বিধান অনুযায়ী উৎপাদন করা হয়েছে বলে ডিলারকে মিথ্যা নিশ্চয়তা দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।”
এছাড়া বালাইনাশকের নিবন্ধন নম্বরের অননুমোদিত ব্যবহার, বালাইনাশকের মান কমানো, পরিদর্শককে কর্তব্য পালনে বাধা দেওয়া ও নিবন্ধনের সময় মিথ্যা তথ্য দিলে ৭৫ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা বা এক থেকে দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে।
পরিদর্শক বা উদ্ভিদ সংরক্ষণের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার লিখিত অভিযোগ ছাড়া এই আইনের অধীনে আদালত কোনো মামলা আমলে নেবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এই আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিধান রাখা হয়েছে জানিয়ে শফিউল বলেন, আইনের যে অংশটুকু মোবাইল কোর্ট আইনের সঙ্গে প্রাসঙ্গিক, সেক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবেন।
