শাহজালাল বিমানবন্দরের গোল চত্বরে প্রাইভেট কারে অগ্নিকাণ্ড
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগুনে পুড়েছে একটি প্রাইভেট কার।
সোমবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের বাইরে গোল চত্বরের কাছে গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানান কুর্মিটোলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গাড়ি নিয়ে বিমানবন্দর এলাকায় ঢোকার পর যে গোলচত্বর রয়েছে, তার কাছে একটি চলন্ত প্রাইভেট কারে সকালে আগুন ধরে যায়।
“খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে তা নেভানোর আগেই গাড়ির অনেকটা পুড়ে যায়।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এর আগে রোবরার রাতে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা সড়কে আগুনে একটি মাইক্রোবাস পুড়ে যায়। ওই মাইক্রোবাসে আগুন লাগার কারণ জানা না গেলেও ইঞ্জিনের সমস্যায় তাতে আগুন ধরে যায় বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছিল পুলিশ।
