প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: প্রতিবেদন পিছিয়ে ১১ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়িয়ে আগামী ১১ ডিসেম্বর ঠিক করেছে আদালত।
প্রতিবেদন দাখিলের সর্বশেষ ধার্য দিন সোমবার মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব নতুন এ দিন ধার্য করেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রতিবেদন জমার সময় বাড়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে সাতবার প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছে।
গত ১৯ জানুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২৯ মার্চ, ৭ মে, ১৩ জুন, ২৭ জুলাই, ১৭ সেপ্টম্বর ও সর্বশেষ সোমবার প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) এসএ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেনটেইনেন্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুত্ফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
তাদের সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এ মামলার তদন্ত সংস্থা।
