শিশু আইন: ২ সচিবকে আদালতে তলব
শিশু আইনের অস্পষ্টতা নিরসনে সংশোধনের অগ্রগতি জানতে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং সমাজকল্যাণ সচিবকে তলব করেছে হাই কোর্ট।
আগামী ১২ নভেম্বর হাই কোর্টে হাজির হয়ে শিশু আইন সংশোধনের বিষয়ে অগ্রগতি লিখিতভাবে তাদের জানাতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
এদিকে সমাজকল্যাণ সচিবকে তলব করার আদেশ নির্ধারিত সময়ের মধ্যে না পাঠানোয় সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ শাখার কর্মকর্তাদের ডেকে ভর্ৎসনা করেছে হাই কোর্ট।
আদালত তাদের কাজে অসন্তোষ প্রকাশ করে ‘তদবির ছাড়া ফাইল নড়ে না’ বলেও মন্তব্য করে।
আদালতে সমাজকল্যাণ সচিবের পক্ষে ছিলেন ব্যারিস্টার আশিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
রোববার আদালতে সমাজকল্যাণ সচিবের হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত তার আইনজীবীর কাছে জানতে চায়, সচিব কোথায়? তিনি আসেননি কেন?
জবাবে আইনজীবী জানান, আদালতের কোনো আদেশ তার মক্কেল পাননি।
এসময় আদালত হাই কোর্ট বিভাগের সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ শাখার তত্ত্বাবধায়ককে ডেকে পাঠায়।
আদেশ পেয়ে তত্বাবধায়ক রফিকুল ইসলাম খান ও ওই শাখার অপরাপর কর্মকর্তারা তাৎক্ষানাত হাজির হলে আদালত তার কাছে জানতে চায়, আদেশের কপি পাঠানো হয়েছে কিনা?
জবাবে রফিকুল ইসলাম খান বলেন, পাঠিয়েছি গত ২৫ অক্টোবর।
আদালত বলে, আদেশ দেওয়া হয়েছে ১৫ অক্টোবর। এ আদেশ স্বাক্ষর হয়ে ১৮ অক্টোবর শাখায় গেছে। এরপর তা পাঠাতে এত দেরি হলো কেন? তাছাড়া আপনারা যে আদেশ পাঠিয়েছেন এ বিষয়ে নথিতে কোনো কিছু লেখা নেই কেন?
আদালত বলে, আদেশে কী বলা হয়েছে তা না পড়ে ফেলে রাখা হয়। সমাজকল্যাণ সচিবকে আসতে বলা হয়েছে ২৯ অক্টোবর। ২৭ ও ২৮ অক্টোবর দুইদিন ছুটি। ২৫ তারিখে পাঠালে কি সচিব আদেশের কপি পাবেন?
এসময় আদালত অসন্তোষ প্রকাশ করে বলে, তদবির ছাড়া ফাইল নড়ে না। যে ফাইলে তদবির হয় না সেই ফাইলের এ অবস্থাই হয়। ব্যবস্থা নেওয়া হয় না বলেই আজ এ অবস্থায় এসে দাঁড়িয়েছে।
এর আগে সমাজকল্যাণ সচিবের আইনজীবী আশিকুর রহমান আদালতকে বলেন, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর মতামত নেওয়া হয়েছে। এরপর আইনের খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন সংশোধনের কাজ চলছে।
এসময় আদালত বলে, প্রধানমন্ত্রীর মতামত পাওয়া গেছে ফেব্রুয়ারিতে। এরপরও আইন হয়নি। এভাবে যদি একটা আইন সংশোধন করতে বছরের পর বছর লেগে যায় তাহলে কেমন করে চলবে?
আদালত বলে, চিঠি চালাচালি করে লাভ নেই। একই ক্যাম্পাসে দুটি মন্ত্রণালয়। এক কক্ষ থেকে আরেক কক্ষে একটা ফোন দিয়ে একসঙ্গে বসলেই তো পারেন। কিন্তু তা করেন না।
শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে ঢাকা, কক্সবাজার ও রংপুরে করা পৃথক চার মামলায় বিভিন্ন সময়ে প্রাপ্তবয়স্ক চার আসামি হাই কোর্টে জামিন আবেদন করেন। চারটি মামলার মধ্যে দুটি করা হয় শিশু আইনে, অপর দুটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
পৃথক দুই আইনে দায়ের হওয়া মামলার সাজাও আলাদা। শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি প্রাপ্ত বয়স্ক হলে তার বিচার কোন আইনে বা কোন আদালতে হবে, সে বিষয়ে গত বছরের ১৪ আগস্ট আদালত ওই তিন সচিবের কাছে ব্যাখ্যা চায় হাই কোর্ট।
ওই বছরের ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে কেউ ব্যাখ্যা দাখিল না করলে আদালত ৩১ অক্টোবর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।
এরপর ডিসেম্বরে তারা আদালতকে জানান ‘শিশু আইন-২০১৩’ সংশোধনের মাধ্যমে অস্পষ্টতা দূর করা হবে।
