সাংসদ শওকত চৌধুরীর জামিন সংক্রান্ত আদেশ স্থগিত
বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় নীলফামারীর সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর জামিন বহাল রাখতে ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংকে জমা দেওয়ার শর্ত দিয়ে হাই কোর্টের যে আদেশ, তা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
গত ২২ অক্টোবর জামিন সংক্রান্ত রুলের শুনানি নিয়ে ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা না দিলে শওকত চৌধুরীর জামিন বাতিল হবে বলে আদেশ দিয়েছিল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ।
ওই আদেশের ওপর সাংসদ শওকতের করা আপিল আবেদনের শুনানি করে রোববার তা স্থগিত করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
শওকত চৌধুরীর পক্ষে শুনানি করেন পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের সংসদ নুরুল ইসলাম সুজন, আইনজীবী এএম আমিনউদ্দীন ও ব্যারিস্টার ফজলে নূর তাপস।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান এবং কমার্স ব্যাংকের পক্ষে ছিলেন এম সারোয়ার হোসেন।
হাই কোর্টের ২২ অক্টোবরের রায়ে বলা হয়, ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংকে জমা দিলে তবেই নিম্ন আদালত থেকে শওকতের পাওয়া জামিন বহাল থাকবে, তা না হলে বাতিল হয়ে যাবে।
ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০১৬ সালের ৮ ও ১০ মে শওকত চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে বংশাল থানায় দুটি মামলা করে।
এর মধ্যে এক মামলায় ৯৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২১৩ টাকা এবং আরেক মামলায় ৮২ লাখ ৮৯ হাজার ৮১৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়, যা বর্তমানে সুদে-আসলে বেড়ে ১৩৪ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে দাবি কমার্স ব্যাংকের।
মামলায় অভিযোগ করা হয়, শওকত চৌধুরী তিনটি কোম্পানির নামে ৩৪টি এলসি খুলে বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখা থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ড. আসাদুজ্জামান, বংশাল শাখার ম্যানেজার হাবিবুল গণিসহ আসামিদের সঙ্গে যোগসাজশে ওই অর্থ আত্মসাৎ করেন।
দুদকের দুই মামলায় গত বছর অগাস্টে হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন শওকত চৌধুরী। পরে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আবারও জামিন পান।
এ অবস্থায় দুই মামলার অপর দুই আসামি আসাদুজ্জামান ও হাবিবুল গণি জামিনের আবেদন করলে গত বছর ২৪ নভেম্বর তার শুনানিতে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।
শওকতকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না,তা জানতে চাওয়া হয় ওই রুলে।
ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২২ অক্টোবর আদালত শওকত চৌধুরীকে জামিন বাঁচানোর জন্য টাকা জমা দেওয়ার শর্ত ঠিক করে রায় দেয়।
