২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি-বুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫

বুয়েট থেকে বহিরাগত তাড়াতে অভিযান নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তারেক হাসান নির্ঝর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 01:45 AM

Updated : 11 Oct 2022, 02:41 PM

আগের দিনের ঘটনার জের ধরে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বুয়েটের তিতুমীর হলে ধরে নেওয়ার পর ঢাবি ছাত্ররা জোট বেঁধে সেখানে হামলা চালিয়ে সহপাঠীকে উদ্ধার ও ভাংচুর চালায়।

এরপর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে পলাশী মোড় এলাকায় পাল্টাপাল্টি অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত পাঁচজন ছাত্র আহত হয়েছেন।

পরে পুলিশ ও ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হলে হলে ফেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ছাত্ররা।

আহত বুয়েটের পাঁচ শিক্ষার্থী সৌরভ, আবু আব্দুল্লাহ, দিব্য মণ্ডল, মুহুরী ও সাদমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে বলে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানিয়েছেন।

এদিকে সংঘর্ষের মধ্যে বান্ধবীকে বুয়েটের হলে পৌঁছে দিতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

ঘটনার আদ্যোপান্ত

বুয়েটের প্রথম বর্ষের একদল শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ক্যাম্পাসে অবস্থানরত ‘গাঁজাসেবী’ ও ‘বহিরাগত প্রেমিক-প্রেমিকার’ ওপর চড়াও হয়। তারা একসঙ্গে বসে গল্প করা জুটিদের ক্রিকেট স্ট্যাম্প-লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন বলে প্রত্যক্ষদর্শী একজন জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের একজন কর্মচারীর ছেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় বুয়েট ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া এলাকায় বসে থাকা একটি জুটির একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি পরিচয়পত্র দেখানোর পর দুজনকে চলে যেতে বলা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের সঙ্গে তখন বাক-বিতণ্ডা হলেও পরে অন্যদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে ওই ঢাবি ছাত্র সেখান থেকে চলে আসেন।

ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে পলাশী মোড়ে বুয়েটের এক শিক্ষার্থীকে মারধর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের একদল ছাত্র।

এর জের ধরে বুয়েটের একদল ছাত্র শুক্রবার দুপুরে পলাশী মোড় থেকে ইমরান নামে জহরুল হক হলের এক ছাত্রকে ধরে বুয়েটের তিতুমীর হলে নিয়ে যান বলে তার কয়েকজন সহপাঠী জানান।

তারা জানান, সন্ধ্যার দিকে বুয়েটের ওই হলে হামলা চালিয়ে ইমরানকে নিয়ে আসেন জহুরুল হক হলের একদল ছাত্র। এ সময় হলে ভাংচুরের পাশাপাশি কয়েকজনকে মারধর করা হয়।

এর প্রতিক্রিয়ায় বুয়েটের অন্যান্য হল থেকে বেরিয়ে এসে কয়েকশ শিক্ষার্থী পলাশী মোড়ের কাছে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রও পলাশী মোড় এলাকায় অবস্থান নেন। পুলিশের উপস্থিতির মধ্যেই ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে তাদের মধ্যে।

এই পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের এক ছাত্র তার বান্ধবী বুয়েটের এক ছাত্রীকে হলে পৌঁছে দিতে যান।

অটোরিকশায় করে দুজন বুয়েট ক্যাম্পাসে পৌঁছলে শহীদ মিনারের পাশের রাস্তায় আটকে তাদের পরিচয় জানতে চান উত্তেজিত একদল শিক্ষার্থী। ঢাবির ছাত্র পরিচয় পেয়ে তাকে মারধর করেন বুয়েটের ওই শিক্ষার্থীরা; ছাত্রীটি বুয়েটের হওয়ায় তাকে হলে চলে যেতে বলা হয়।

এ পরিস্থিতিতে মেয়েটি বন্ধুকে ফেলে হলে যেতে অস্বীকৃতি জানালে তার উপরও হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানিয়েছেন।

পরে ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব হাসান সুইম এবং সাংবাদিকরা গিয়ে দুজনকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতিতে ছাত্রীটিকে হলে পৌঁছে দেওয়া হয়।

এদিকে ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানসহ সংগঠনের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের শান্ত করেন। পরে বুয়েটের শিক্ষার্থীরাও হলে ফিরে যান।

ওই ছাত্রীকে হেনস্তার ঘটনায় দুঃখপ্রকাশ করে বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি টিকাদার সাংবাদিকদের বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যাই। অনেক চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হইনি। ওই ছাত্রীর শ্লীলতাহানিতে জড়িতদের খুঁজে বের করা হবে।”