২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানকে গ্রেপ্তারে ফের পরোয়ানা

ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে দায়ের করা মানহানির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 01:25 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

তবে ইমরানের আইনজীবী জীবনানন্দ জয়ন্তের দাবি, প্রচলিত নিয়মের ‘ব্যত্যয় ঘটিয়ে’ এই আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে আদালতে উপস্থিত না থাকায় ইমরানের বিরুদ্ধে পরোয়ানা জারির এই আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম।

মামলার অপর আসামি সনাতন উল্লাস আদালতে উপস্থিত হয়ে শুনানি পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে ৪ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ঠিক করে দেন।

আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী প্রকাশ বিশ্বাস ও জীবনানন্দ জয়ন্ত। অন্যদিকে মামলার বাদী ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানীর পক্ষে ছিলেন নোমান হোসাইন তালুকদার।

অভিযোগ গঠনের শুনানিতে হাজির না হওয়ায় একই আদালত গত ২০ সেপ্টেম্বর ইমরান ও সনাতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পরদিন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন পান। তখনই অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর দিন রাখেন বিচারক।

বিচারকের আদেশের প্রতিক্রিয়ায় জীবনানন্দ জয়ন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী এর আগের তারিখেও হাজির ছিলেন না, আজকের তারিখেও হাজির ছিলেন না। তার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করা হলেও আজকে আমরা সময়ের আবেদন করলে তা নাকচ করে বিচারক পক্ষপাতিত্ব করেছেন।”

তিনি জানান, মামলাটি খারিজের জন্য ইমরানের পক্ষে হাই কোর্টে আবেদন করা হয়েছে। ওই আবেদনের নম্বরসহ আইনজীবী সনদপত্রও বিচারিক আদালতে জমা দেওয়া হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, নিম্ন আদালতে কোনো মামলা চলাকালে তার কার্যক্রম স্থগিতে আইনজীবী সনদপত্র দেখিয়ে উচ্চ আদালতে কোনো ব্যক্তি মামলা খারিজের আবেদন করলে সেই আবেদন গ্রহণ করা হয়।

জীবনানন্দ জয়ন্ত বলেন, “এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন এই বিচারক। তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অন্যায় করেছেন।”

ছাত্রলীগ নেতা রব্বানীর দায়ের করা এ মামলার আর্জিতে বলা হয়, গত ২৮ মে ইমরানের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি করা হয়’, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ, অপমানিত হয়েছেন।

গণজাগরণ মঞ্চের ওই মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠার পর ইমরানকে পেটানোরও হুমকি দিয়েছিলেন রব্বানী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে একটি মিছিল পরবর্তী সমাবেশ থেকে ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ইমরান ছাত্রলীগেরই রংপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জামাতা।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণের আন্দোলনের সূচনায় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এর আহ্বায়কের দায়িত্ব নেন ইমরান। শুরুতে ছাত্রলীগ এই মঞ্চের সঙ্গে থাকলেও পরে সরে যায়। এখন বাম ছাত্র সংগঠনগুলো ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন মঞ্চে সক্রিয়।

পুরনো খবর:

আদালতে হাজির হয়ে জামিন পেলেন ইমরান
প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: ইমরানকে গ্রেপ্তারে পরোয়ানা
আদালত প্রাঙ্গণে ইমরানের উপর ডিম নিক্ষেপ
ইমরানকে আদালতে তলব