২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারের আড়ালে থাকা সমাজ বদলের যোদ্ধাদের গল্প

কেউ কাজ করেন প্রতিবন্ধীদের নিয়ে, কেউ শিশুদের মধ্যে জাগাতে চান কম্পিউটার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন, কেউবা নারীর প্রতি গ্রামীণ সমাজের গোঁড়ামিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে নেমেছেন ফুটবল নিয়ে।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2017, 01:17 AM

Updated : 11 Oct 2022, 02:40 PM

সমাজ বদলের স্বপ্ন নিয়ে বাংলাদেশের গ্রামে-গঞ্জে কাজ করা এ রকম ১৩০০ সংগঠন থেকে বেছে ৩০টিকে পুরস্কার তুলে দিলেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

কেবল নতুনদের নয়, পুরনোদের মধ্যে ভালো কাজ করছে এমন চারটি সংগঠনের উদ্যোক্তাদের হাতেও তুলে দেওয়া হয় পাঁচ লাখ করে টাকা, যেন তাদের ভবিষ্যতের পথ সহজ হয়।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত শনিবারের এই অনুষ্ঠানে ২০১৫ সালের পুরস্কারজয়ীরাও ছিলেন। এবার দ্বিতীয় দফা বাছাইয়ে উত্তীর্ণ আরও ২০টি সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন অনুষ্ঠানে।

সঙ্গে ছিলেন এই স্বপ্নবাজদের চাওয়া-পাওয়া বাস্তবায়নের সারথিরা।

এ রকমই একজন স্বপ্নবাজ হলেন যশোরের জহির ইকবাল নান্নু। তিনি সেখানকার স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা। স্বাধীনতা যুদ্ধে ১১টি সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধারা, সেই প্রেরণা থেকে প্রতিবন্ধী, ছিন্নমূল নারী-শিশু, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ ১১টি খাতে কাজের লক্ষ্য নির্ধারণ করেছে এই সংগঠন।

বঙ্গবন্ধুর নাতির হাত থেকে পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় নান্নু বলেন, “আমরা নিজেদের টাকায় আমাদের সব কাজ পরিচালনা করে থাকি। সবাই যখন নিজেদের ব্যক্তি স্বার্থে ছোটে, তখন আমাদের কাজ দেখে সবাই আমাদের পাগল বলত। আজ এল সেই পাগলামির স্বীকৃতি।”

নিজেদের কাজ নিয়ে তিনি বলেন, “আমরা ‘কম্পিউটার প্রজন্ম’ নামে একটি কাজ করি। সেখানে আমরা কম্পিউটার নিয়ে স্কুলে স্কুলে যাই। আমাদের এই প্রকল্পের আওতায় অনেক শিশু প্রথম কম্পিউটার স্পর্শের সুযোগ পেয়েছে। শিখছেও অনেকে।

“ভবিষ্যতে কম্পিউটার বিজ্ঞানী হওয়ার জন্য আমাদের একটি শপথের ব্যবস্থা আছে, যার মাধ্যমে আমরা শিশুদের কম্পিউটারে আগ্রহী করার চেষ্টা করি।”

রংপুরের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড উইমেন ফুটবল একাডেমির মেয়েদের সংগ্রামের গল্পটি অবশ্য অন্য রকম। তারা লড়েছেন নিজেদের অধিকার আদায়ে। রংপুরের প্রত্যন্ত গ্রামে হাজার বছর ধরে চলে আসা পুরুষতন্ত্রের রক্তচক্ষু উপেক্ষা করে তারা নেমেছেন ফুটবল খেলতে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই নারী ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা হান্না হেমব্রম নামের এক কিশোরী। ২৩ সদস্যের এই নারী ফুটবল ক্লাবটি নিবিড় প্রশিক্ষণ ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে।

পুরস্কার নিতে এসে কঠিন সেই দিনগুলোর বর্ণনা করতে গিয়ে বারবার আবেগ আর কান্নায় ভারী হয়ে উঠছিল তার কণ্ঠ। ‘খেলতে দেব না, খেলতে দেবোতো ফুটবলের পোশাক হাফ প্যান্ট পরতে পারবা না’-এ ধরনের অনুশাসনের বেড়াজালে তাদের আটকাতে চেয়েছে পুরুষতন্ত্র।

সেই সব উপেক্ষা করেই উঠে এসেছে হান্নার দল। তিনি বলেন, একদিন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন তারা।

গাজীপুরের হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের

(ডব্লিউসিডব্লিউএবি) গল্পও অনুপ্রেরণা জাগানিয়া। শারীরিক প্রতিবন্ধী হওয়া বা প্রতিবন্ধিত্ব নিয়ে জন্মানো কিশোর-তরুণ-যুবাদের জন্য ২০১৫ সালে এই সংগঠনের কাজ শুরু করেন মো. মহসিন। বর্তমানে এই সংগঠনটির সদস্য ১৫০ জন। এই স্বেচ্ছাসেবকরা জেলা পর্যায়ে গিয়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে।

পুরস্কার নিতে এসে মহসিন বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এ রকম অনুষ্ঠানে আমি এসেছি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।”

নিজেদের সংগ্রাম নিয়ে তিনি বলেন, “আমাদের ভাবা হত সমাজের বোঝা। সেই ভাবনাকে পেছনে ফেলতে আমাদের এই উদ্যোগ।”

বরিশাল ইয়ুথ সোসাইটি নামে একটি সংগঠনও পেয়েছে এই স্বীকৃতি। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির কাজ নারীর প্রতি সহিংসতা রোধের লক্ষ্যে।

ফয়েজ বেলাল ও তার সমমনা কয়েকজনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সংগঠন এখন বরিশাল বিভাগের ছয়টি জেলায় ছড়িয়ে গেছে, যার সদস্য সংখ্যা ১০ হাজার এবং স্বেচ্ছাসেবক প্রায় ৮০০।

বিস্তৃত এই নেটওয়ার্ক তারা কাজে লাগাচ্ছে বাল্যবিয়ে প্রতিরোধ, সহিংসতার শিকার নারীর নিরাপত্তার কাজে। স্বল্পমাত্রায় নারী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং কর্মমুখী প্রশিক্ষণও দিয়ে থাকে এই সংগঠন।

কুমিল্লা সদর দক্ষিণ রেল স্টেশনের পথশিশুদের নিয়ে কাজ করতে মো. আরিফুর রহমান চৌধুরী ও তার বন্ধুরা ২০১৪ সালে গড়ে তোলেন দুর্বার ফাউন্ডেশন।

পেছনে ফিরে তাকালে তাদের ঝুড়িতেও জমা হয়েছে বেশ কিছু অর্জন। কাজের সীমানা বিস্তৃত হয়েছে কুমিল্লা স্টেশন, কুমিল্লা শহর, লাকসাম রেল জংশনেও। এই সব রেল স্টেশনের শিশুদের মাদকগ্রহণ বন্ধ, আয়ের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কাজ করছে এই সংগঠন।

স্বীকৃতি পাওয়া সংগঠন ‘কাকতাড়ুয়া’ অবশ্য কিছুটা ব্যতিক্রম। সিলেটের এই সংগঠন সচেতনতা সৃষ্টির জন্য বেছে নিয়েছে ক্যামেরার লেন্স। তারা চর্চা করছেন ভাষা ও সংস্কৃতির।

সামাজিকভাবে সচেতন করতে কিছু শর্ট ফিল্ম ও আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থাও করেছে সংগঠনটি। এছাড়াও ক্যামেরার লেন্স ব্যবহার করে চারপাশকে তরুণদের সামনে উপস্থাপনের জন্য সভা,  সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে কাকতাড়ুয়া।

২০১১ সালে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত ‘আই পজিটিভ’ তরুণ-যুবাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও বিশ্বাস ছড়িয়ে দিতে কাজ করে। মো. শফিক পারভেজ ও তার পরিচিত কয়েকজন মিলে গড়ে তোলা এই সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা,  প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন করে। পাশাপাশি আইসিটি বিষয়ক প্রশিক্ষণ, মাদক ও ক্যারিয়ার প্ল্যান বিষয়ক সেমিনার, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরামর্শ প্রদানসহ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে আইপজিটিভ।

২০১৫ সালে নিরুপম চাকমা রাঙ্গামাটিতে প্রতিষ্ঠা করেন জুমফুল থিয়েটার। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৫০ জন। প্রতি সপ্তাহে নাটক মঞ্চস্থ, গান ও নাচের আয়োজন করে তারা। নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণ ও যুবাদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সমাজের উন্নয়নে সাংস্কৃতিক আন্দোলনকে হাতিয়ার বানিয়ে কাজ করছে সিলেটের থিয়েটার মুরারি চাঁদ। গোলাম মাহদীর নেতৃত্বে ২০১৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রযোজনায় ১২টি পথনাটকসহ ১৮টির বেশি নাটক দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চস্থ হচ্ছে।

বগুড়ার নাট্যদল ‘চৌপাশ নাট্যাঞ্চল’ও শিল্পচর্চার মাধ্যমে সমাজে গণসচেতনতা সৃষ্টির কাজ করছে। রাজা ফকিরের নেতৃত্বে বর্তমানে সংগঠনটির মূল কার্যক্রমে সংযুক্ত আছে ২৩ জন। গড়ে প্রতি মাসে একটি করে নাটক মঞ্চস্থ করে সংগঠনটি। এর মধ্যে তাদের পথনাটক আটটি এবং মঞ্চস্থ করার মতো বড় নাটক ছয়টি বগুড়াসহ আরও বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকও তারা মঞ্চস্থ করেছে।

এই ১০ সংগঠনকে ক্রেস্টের পাশাপাশি দেওয়া হয় একটি কম্পিউটার ও একটি স্মার্টফোন। আরও ২০ সংগঠনকেও পুরস্কৃত করা হয়।

সিআরআই’র পক্ষ থেকে বলা হয়, “এই পুরস্কার গতানুগতিক কোনো পুরস্কার নয়। এটি কেবল একটি মঞ্চ উপস্থাপনা নয়, স্বপ্নাচারী তরুণ এই উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি নেটওয়ার্কিং। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে সিআরআই এই তরুণদের সাথে তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে যাবে।”

সিআরআইয়ের এমন দাবির মিল পাওয়া গেল মঞ্চেও। সেখানে ২০১৫ সালে পুরস্কার পাওয়া তারুণ্যনির্ভর সংগঠনের উদ্যোক্তাদের দেখা গেল এক ফাঁকে। এদের মধ্যে চার সংগঠনকে ইয়াং বাংলার সহযোগী মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাঁচ লাখ করে টাকা, যাতে স্বপ্নের বাকীটা পথ তাদের সহজ হয়।

পুরনো এই পুরস্কারপ্রাপ্তদের এরইমধ্যে আটটি ল্যাব করে দেওয়া হয়েছে, যেখানে গ্রামের তরুণ-যুবারা প্রশিক্ষণ নিতে পারে। তাদের সেরা চারজন পেল নতুন এই অর্থ সহায়তা।

অনুষ্ঠানে পয়সাওয়ালাদের প্রতি এই তরুণদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান অতিথি সজীব ওয়াজেদ জয়।

চোখে মুখে স্বপ্নভরা এই তরুণ-তরুণীদের নিয়ে ইয়াং বাংলার পথচলার শুরুর গল্প শোনান এর অন্যতম উদ্যোক্তা জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, “সারা দেশে তরুণরা কাজ করছে। আমরা চিন্তা করলাম, এদের স্বপ্ন কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, এখান থেকেই ইয়াং বাংলার শুরু। আমরা অনেককে খুঁজে বের করেছি, দুই বছরে তারা এখন কোথায় চলে গেছে।

“তারা তাদের যাত্রার শুরুতে কাউকে সঙ্গে পায়নি, আমরা চেষ্টা করেছি। আজ তারা শেখ হাসিনাকে পেয়েছে, সজীব ওয়াজেদ জয়কে পেয়েছে।”

বিকাল ৪টায় অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও ৩টার বেশ আগেই মিলনায়তন ভরে যায়।

বাংলাদেশের স্বাধীনতার স্লোগান ‘জয় বাংলা’ ঘিরে দেশপ্রেমের নানা গল্প নিয়ে তৈরি করা ভিডিও দেখানো হয়।

বাংলাদেশকে গড়তে তরুণ-যুবাদের এই গল্পগুলোও যেন তাদের এক একটি ‘জয় বাংলার গল্প’। ছোট ছোট ভিডিওতে এ রকম গল্প চলার মাঝেই পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে এসে হাজির হন সজীব ওয়াজেদ জয়।

তুমুল করতালিতে তাকে স্বাগত জানান অনুষ্ঠানস্থলে উপস্থিতরা। তিনিও যেন মিশে যান সবার সঙ্গে।

এক সময় শুরু হয় অনুষ্ঠান, মঞ্চে ডাক পড়ে তার। সেখানে একে একে মনোনীতদের হাতে তুলে দেন পুরস্কার, পুরস্কার তুলে দিতে দিতে কথা বলেন তাদের সাথে। পুরস্কারজয়ী পুরনোদের মঞ্চে এনে তাদের সাথে ছবি তোলেন, খোঁজ খবর নেন।

পুরস্কার বিতরণীর পর একটি বিরতি দিয়ে অনুষ্ঠিত হয় কনসার্ট। এর মাধ্যমেই স্বপ্নচারী এই তরুণ-তরুণীদের নিয়ে আয়োজনও শেষ হয়।