২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূলে উন্নয়ন ‘কারিগরদের’ এক জায়গায় আনছে সিআরআই

দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ পরিমণ্ডলে সমাজ বদলে নিরলসভাবে কাজ করে যাওয়া তরুণদের নিয়ে তিন দিনের আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 09:18 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

আগামী ১৯ অক্টোবর সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে এই ক্যাম্প শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেষদিন তরুণদের নেতৃত্বে চলা ৫০টি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সিআরআই’র তারুণ্যের প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ এই ক্যাম্পের আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ক্যাম্পে অংশ নিতে ১৩০০ আবেদন জমা পড়ে। তার মধ্য থেকে ১০০ জনকে বাছাই করা হয়। এদের থেকে ৫০ জন পাবেন পুরস্কার।

১৯ অক্টোবর বাছাইকৃত ১০০টি সংগঠনের প্রতিটি থেকে দুইজন করে প্রতিনিধি আসবেন। অনুষ্ঠানস্থলেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

২০ অক্টোবর সকাল থেকে শুরু হবে অনুষ্ঠানের মূল কার্যক্রম। এদিন ‘লেটস টক’-এ সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মতবিনিময় করবেন তরুণ সংগঠকরা। বিকালে থাকবে মতবিনিময়। ২১ অক্টোবর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এই আয়োজনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২১ অক্টোবরের পুরস্কার বিতরণী সরাসরি সম্প্রচার করবে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজ থেকে নিষ্ঠুরতা ও সহিংসতা দূরীকরণ, মাদক প্রতিরোধ, শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধ, পথ শিশু, শিশু বা প্রতিবন্ধী সহায়ক কার্যক্রম, অসহায় নারী, বৃদ্ধ, সংখ্যালঘু সম্প্রদায়, শরণার্থী, হতদরিদ্রদের নিয়ে কাজের জন্য প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিআরআইয়ের তারুণ্যের প্ল্যাটফর্ম  ‘ইয়াং বাংলা’র বর্তমান সদস্য সংখ্যা ১ লাখ ২০ হাজার।

“প্রতিনিয়ত তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা নানা কাজ করি।”

দৃষ্টান্ত হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তরুণদের ইন্টার্নশিপের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা বেসরকারি খাতে ইন্টার্নশিপ করতে দেখেছি। কিন্তু সেখানে আমরা ইন্টার্নশিপ চালু করেছি। আমরা ভেবেছি, জ্বালানি খাতে যদি কয়েকশ ছেলে-মেয়ে ইন্টার্নশিপ করে তাহলে তারা কর্মজীবনেও এখানে আসতে উৎসাহিত হবে।

“আমরা দেখছি, বুয়েট থেকে পড়াশোনা করে ছেলে-মেয়েরা বিদেশে চলে যায়। প্রকৌশলী সংকটে আমরা পড়তে পারি। এটা আমি বারবার বলে আসছি। কেবল আমাদের মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়েও গেছে।”

প্রতিমন্ত্রী বলেন, “মাইক্রোসফট আমাদের সাথে আসার পর এই উদ্যোগ আরও প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। কয়েকটি দেশও এগিয়ে এসেছে। সেখানে আমরা তরুণদের অভিজ্ঞতা বিনিময় করছি।

“এর আওতায় ঢাকায় আসেনি, এমন অনেক গ্রামের ছেলে-মেয়েও সেখানকার অভিজ্ঞতা নিতে বিদেশে গেছে। সেখান থেকে ফিরে তারা আরও বড় স্বপ্ন দেখতে পারছে।

“এখন তারাই আরও উদ্যোগী হচ্ছে। একে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে আসছে। এই তরুণদের জন্যই আমাদের এই পুরস্কারের ব্যবস্থা করেছি।”

বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখা এই ছেলে-মেয়েরা সমাজের ভেতর থেকে সমাজ পাল্টে দিচ্ছে মন্তব্য করে নসরুল হামিদ বলেন, “অসাধারণ সব কাজ করছে। তাদের আমরা খুঁজে বের করছি। এটা করা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ইয়াং বাংলার আহ্বায়ক সাংসদ নাহিম রাজ্জাক, রাজী মোহাম্মদ ফখরুল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, সহকারী সমন্বয়ক প্রকৌশলী তন্ময় আহমেদ প্রমুখ।