‘বাড়ি ভাড়ায় শৃঙ্খলা ফেরাতে নজরদারি প্রয়োজন’
ঢাকায় বাড়ি ভাড়ায় শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষকে আইন বাস্তবায়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ এর পূর্ণ বাস্তাবায়নের দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক গণজমায়েতে এই দাবি জানান সংগঠনের চেয়ারম্যান ভাড়াটিয়া ঐক্যের সভাপতি আশরাফ আলী হাওলাদার।
তিনি বলেন, “বাড়ির মালিকদের মনগড়া নিয়মের কাছে ভাড়াটিয়ারা জিম্মি। রশিদের মাধ্যমে বাড়িভাড়া আদায় করার নিয়ম থাকলেও বাড়িওয়ালারা তা মানছেন না। ফলে যখন তখন নিজেদের খেয়ালখুশি মতো ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। এনিয়ে মুখ খুলতে গেলে ভাড়াটিয়াদের চলে যাওয়ার নোটিসও দিচ্ছেন। এই অস্বাভাবিক পরিস্থিতির দিকে কর্তৃপক্ষ একেবারেই উদাসীন।”
বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে আলোচনার ভিত্তিতে ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এবিষয়ে অনেক মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ঢাকার দুই সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে বাড়িভাড়া সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বা নিয়মনীতি প্রকাশ করার দাবি জানান বক্তারা।
কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দিপু মীর, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ আওয়ামী পার্টির চেয়ারম্যান আমান উল্লাহ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জমায়েতে উপস্থিত ছিলেন।
