নারী শ্রমিকদের জন্য সংসদীয় ককাস গঠনের সিদ্ধান্ত
নারী শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরতে একটি ককাস গঠনের সিদ্ধান্ত নিয়েছেন সাতজন নারী সংসদ সদস্য।
শনিবার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাব মিলনায়তনে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘নারী শ্রমিক কণ্ঠ’ আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সাংসদদের সম্মতিতে এ ককাস গঠনের ঘোষণা দেন সাংসদ শিরিন আখতার।
তিনি বলেন, “সকল নারী শ্রমিকদের জন্য আমরা সংসদে একটি ককাস গঠনের সিদ্ধান্ত নিলাম। আমরা খুব দ্রুত এটি করে ফেলার চেষ্টা করব। আমরা আমাদের বিভিন্ন দাবিগুলো নিয়ে স্মারকলিপি তৈরি করে সব সংসদ সদস্যের স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীকে দিতে পারি।”
শুধু সংসদে নয়, মাঠে গিয়ে কাজ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “শুধু সংসদে আলোচনা নয়, আমাদের মাঠেও যেতে হবে। সমাবেশ করতে হবে, মিছিলে যেতে হবে, মানববন্ধন করতে হবে।”
দাবি আদায়ে প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে দর কষাকষি করারও আহ্বান জানান তিনি।
সাংসদ উম্মে কুলসুম স্মৃতি আগামী বাজেটে নারী শ্রমিকদের উন্নয়নে আলাদা বরাদ্দ পাওয়ার আশা করেন।
তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনে ৩০ শতাংশ আসন আমরা পাব কি না, বিভিন্ন রাজনৈতিক দল- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কমিটিগুলোতে ৩০ ভাগ নারী নিশ্চিত করতে পেরেছি কি না, তাও দেখতে হবে।”
সংসদীয় ককাসে নারীর পাশাপাশি পুরুষদের রাখার প্রস্তাব দেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল বলেন, বর্তমানে দেশের ৩৪ ভাগ নারী অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত।
গৃহ শ্রমিক নীতিমালা থাকলেও আইন না থাকার জন্য তাদের ওপর নির্যাতন চালিয়েও গৃহকত্রীরা পার পেয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। সে কারণেই অবিলম্বে একটি গৃহকর্মী আইন করারও দাবি জানান এ শ্রমিকনেতা।
সর্বস্তরে ২০২০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ নারী শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত, ২০৩০ সালের মধ্যে ৫০:৫০ অর্জন, বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করা, নারী শ্রমিকদের সন্তানদের জন্য ‘ডে কেয়ার’ সেন্টার বাড়ানো, শ্রমিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদের রেশন কার্ড, যৌন হয়রানি প্রতিরোধে প্রতিটি প্রতিষ্ঠানে হাই কোর্টের নীতিমালা বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরে সব ক্ষেত্রে জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান নারীশ্রমিক কণ্ঠের নেতারা।
ফ্রেডরিক ইবার্ট স্টিফটং (ফেস) ও ‘কর্মজীবী নারী’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান ‘কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক ও ‘নারী শ্রমিক কণ্ঠে’র সদস্য-সচিব রোকেয়া রফিক।
সাংসদ শিরিন আখতারের সঞ্চালনা ও সভাপতিত্বে ‘২০২০ সালের মধ্যে সর্বস্তরে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব অর্জনের মধ্য দিয়ে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য আক্তার জাহান, রিফাত আমিন, সেলিনা বেগম, কামরুন্নাহার জলি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, জাতীয় নারী শ্রমিক জোটের সভাপতি উম্মে হাসান ঝলমল, আপন বিনাসের নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী।
