‘প্রতিনিধিত্বশীল সরকার গঠনে নির্বাচনে সব দলের অংশগ্রহণ দরকার’
জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণেই প্রতিনিধিত্বশীল সরকার গঠন নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত ‘বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্র’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।
সালেহউদ্দিন বলেন, “রাজনৈতিক দলগুলোর উচিৎ তাদের কর্মকাণ্ডে সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে, একতরফা নির্বাচন মেনে নেব না। সব দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন সম্ভব নয়।”
ঢাকা ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সালেহউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম।
দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি মন্তব্য করে আগামী নির্বাচনকে ‘স্বাধীন ও সুষ্ঠু’ করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজন বলে ভাষ্য সাবেক রাষ্ট্রদূত সিরাজুলের।
তিনি বলেন, “আমরা ২০১৪ সালের নির্বাচনে কেউ ভোট দিতে পারিনি, ভবিষ্যতেও দিতে পারব কিনা জানিনা। রুলিং পার্টির অধীনে কখনোই ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন সম্ভব নয়, যদি সম্ভব করতেই হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার দিতে হবে।”
নির্বাচনকে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর গুরুত্বারোপ করেন আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনও।
তিনি বলেন, “নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেই হবে এবং সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সামরিক বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে।”
শামসুল হুদা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যদি না হয়, তাহলে কী করব এ পরিকল্পনা আমাদের করতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর একটি সংস্কৃতি রয়েছে... কিছু হলেই সংসদ বয়কট; এর ফলে সংসদ অকার্যকর হয়ে যায়।”
গত নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির সমালোচনা করে সাবেক এই সিইসি বলেন, “নির্বাচনী প্রক্রিয়াকে সম্মান করতে হবে। অনেক অঞ্চলে শুধু নির্বাচনে দাঁড়ালেই তাদের (বিএনপি) প্রতিনিধি নির্বাচিত হয়, নির্বাচন না করে বিরোধীদলহীন একটি সংসদ গঠনে সুযোগ করে দেওয়া হয়েছে।”
