২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই খেলনাটি তোমার’

টেবিলের ওপর সারি সারি করে রাখা অনেকগুলো খেলনা। একজন জিজ্ঞেস করলেন, কোনটি তোমার পছন্দ? কড়াইল বস্তির ১০ বছরের শিশু লামিয়া যখন খুঁটিয়ে খুঁটিয়ে একটি খেলনা পছন্দ করে তখন তাকে বলা হল, এই খেলনাটি তোমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তারেক হাসান নির্ঝর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 06:07 PM

Updated : 11 Oct 2022, 02:37 PM

অথবা অসুস্থতার জন্য ঈদের ছুটিতে বাড়ি যেতে না পেরে শিশু হাসপাতালের বিছানায় সাগর নামের এক শিশু যখন কাতরাচ্ছে, তার সামনে হঠাৎ কয়েকজন অনেকগুলো খেলনা নিয়ে হাজির হয়ে বলা হল- ‘এগুলো তোমার’।

সুবিধাবঞ্চিত যে লামিয়া বা সাগরকে তাদের বাবা কোনোদিন সুন্দর একটি খেলনা কিনে দিতে পারে নি, অথবা যার বাবাই নেই কিংবা জীবনের সঙ্গে যে শিশুটি যুদ্ধ করছে, এভাবে খেলনা পেয়ে তার মনে কতটা খুশির জোয়ার যেতে পারে!

ঠিক এভাবেই ঢাকাসহ সারাদেশের ১০৮টি স্কুল, এতিমখানা আর ডে-কেয়ার সেন্টারের বাচ্চাদের মুখে প্রতিনিয়ত হাসি ফুটিয়ে যাচ্ছে ‘টয়েজ আর ইয়োরস’।

এক্স ক্যাডেট ফোরামের সদস্যরা সংগঠনটির ‘সামাজিক দায়বদ্ধতা’ নিয়ে কাজ করতে গিয়ে ২০১৫ সালের এক বিকালে এক চমৎকার আইডিয়ার মুখোমুখি হন- ‘কিভাবে মানুষের মুখে হাসি ফোটানো যায়’।

সেই ভাবনা থেকেই একজন বলে ফেলেন, “আমরা তো চাইলেই আমাদের বাচ্চাদের পুরনো খেলনাগুলো সুবিধাবঞ্চিত বাচ্চাদের দিতে পারি, এতে তারা নিশ্চই অনেক খুশি হবে!”

প্রস্তাবটি সবার পছন্দ হওয়ায় সাবেক এই ক্যাডেটরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। অল্প সময়েই ব্যবহার করা প্রচুর খেলনা আসা শুরু হল।

ব্যাপক সাড়া পাওয়ায় সিনিয়র এক্স ক্যাডেট ‘পরিবর্তন চাই’ এর চেয়ারম্যান ফিদা হকের নেতৃত্বে সবাই মিলে প্রতিষ্ঠা করে ফেললেন সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘টয়েজ আর ইয়োরস’।

নামকরণ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক তারিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আমরা চাই প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে। একজন স্বচ্ছল পরিবারের শিশু তারই সমবয়সী আরেকজন শিশুকে তার খেলনাটি উপহার দেবে। এতে নিশ্চই দুজনের মুখে তৃপ্তির হাসি ফুটবে।”

প্রতিষ্ঠার পর থেকেই ঢাকার সব বড় বড় কর্পোরেট হাউজগুলোতে দেওয়া হয় ‘ড্রপবক্স’, যেখানে ওইসব হাউজে কর্মরতরা তাদের সন্তানদের ব্যবহার করা পুরনো খেলনা এনে জমা করা করেন।

এরপর সংগ্রহ করা সেইসব খেলনার থেকে নির্ধারিত সংখ্যক বাছাই করা খেলনা ধুয়েমুছে নতুনের মতো করে পুনরায় ব্যবহার উপযোগী রূপ পায় ‘টয়েজ আর ইয়োরসের’ স্বেচ্ছাসেবী টিমের হাত ধরে।

বন্টনের শুরুতে ঢাকার যেসব সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, এতিমখানা আর ডে কেয়ার সেন্টার রয়েছে সেগুলোর তালিকা করা হয়। সেসব স্কুলে দেশের খ্যাতনামা তারকাদের নিয়ে হাজির হয় ‘টয়েজ আর ইয়োরস’ টিম।

২০১৬ সাল থেকে সংগঠনটি খেলনার পাশাপাশি পুরনো গল্পের বই সংগ্রহ শুরু করে। ইংরেজি মাধ্যমের স্কুলগুলো থেকে বই সংগ্রহের হিড়িক পড়ে যায়। অভিভাবকরা তাদের বাচ্চাদের পুরনো গল্পের বইগুলো সংগঠনটিকে দেন।

ওই বছরই ঢাকার ১৩টি স্কুলে শেলফ ভর্তি বই দিয়ে লাইব্রেরি বানিয়ে দেন তারা। ২০১৭ সালে আরও সাতটি স্কুলে এই লাইব্রেরি তৈরি করা হয় এবং বেশ কয়েকটি তৈরির কাজ বর্তমানে চলছে।

‘টয়েজ আর ইয়োরস’ বছরে দুটি বড় প্রোগ্রাম করে। একটি খেলনা আর বই সংগ্রহের জন্য বছরে যেকোন একদিন দিনব্যাপী ‘গ্র্যান্ড কালেকশন’ আর অন্যটি ইউনিভার্সাল চিলড্রেনস ডে তে ‘ট্রাই- নাইট’ নামে এক আয়োজন।

এ প্রসঙ্গে তারিকুল হক বলেন, “আমরা ১৭ই মার্চ জাতীয় শিশুদিবসে বছরব্যাপী আয়োজনের ক্যালেন্ডার তৈরি করি। গ্র্যান্ড কালেকশনের দিন সবাই পরিবারের শিশুদের নিয়ে খেলনাসহ আসেন, আমাদের কাছে ডোনেট করেন। আর ২০ নভেম্বর ট্রাই নাইটে আমরা যে প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করছি তারা এবং আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে বছরের মতো প্রোগ্রাম শেষ করি।”

‘টয়েজ আর ইয়োরস’ এই কাজে মুগ্ধ হয়ে অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, বোলার তাসকিন আহমেদ, জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু, তাহসান, তানযীর তুহিন, সামিনা চৌধুরী, ব্লগার আরিফ আর হোসাইন, পরিচালক অমিতাভ রেজা, মোস্তফা সারওয়ার ফারুকীসহ অনেক তারকারা এই সংগঠনটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন।