ভোটার হালনাগাদ: রাজধানীতে নিবন্ধন কার্যক্রম শুরু শনিবার
ভোটার তালিকা হালনাগাদে শনিবার থেকে ঢাকা মহানগরীতে শুরু হতে যাচ্ছে নিবন্ধন কার্যক্রম, যাতে দেড় লাখের বেশি নাগরিক ছবি ও আঙ্গুলের ছাপ দিয়ে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হবেন।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল বলেন, ঢাকা মহানগরীতে এবার এক লাখ ৫৯ হাজার ৫২৮ জনের হালনাগাদ তথ্য সংগ্রহ হয়েছে। এখন তাদের আঙ্গুলের ছাপ ও ছবি নিয়ে ভোটার তালিকায় নিবন্ধন সম্পন্ন করা হবে।
রাজধানীতে বর্তমানে ৫৫ লাখ ৫৭ হাজার ৭১ জন ভোটার রয়েছে জানিয়ে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হালনাগাদে নতুন নিবন্ধিতদের জানুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ করা হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে এ নিবন্ধন কাজ চলবে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।
দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজে ২০১৮ সালের ১ জানুয়ারিতে ভোটারযোগ্যদের তথ্য গত ২৫ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত সংগ্রহ করা হয়।
তিন ধাপে ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে নিবন্ধন চলবে তাদের।
ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শনিবার সকালে বেইলি রোডে সিদ্বেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিদর্শন করবেন। এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ তার সঙ্গে থাকবেন।
আর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুলশানের কালাচাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্বাচন কমিশনার কবিতা খানম ক্যান্টনমেন্ট মুসলিম মডার্ন একাডেমি, নির্বাচন কমিশনার শাহাদাত হেসেন চৌধুরী মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় নিবন্ধন কেন্দ্র পরিদর্শনে যাবেন।
এখনও ভোটার হওয়া যাবে
১ জানুয়ারি ২০০০ বা তার আগে যাদের জন্ম (যাদের বয়স ১ জানুয়ারি ২০১৮ তারিখে ১৮ বছর বা তার বেশি) তাদের এবার ভোটার তালিকা হালনাগাদ কাযর্ক্রমে ভোটার করা হচ্ছে।
ভোটার হওয়ার যোগ্য কেউ এ বছরের হালনাগাদে বাদ পড়ে থাকলে তাদেরকেও ভোটার করা হচ্ছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক।
তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার যোগ্য কারো তথ্য সংগ্রহ করা না হয়ে থাকলে, তারাও নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য ফরম পূরণ করে ভোটার হতে পারবেন।”
ভোটার হতে সঙ্গে করে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি, এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা ও সিটি কর্পোরেশেনের ওয়ার্ড কাউন্সিলরের থেকে নাগরিকত্বের সনদপত্র, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ঠিকানা প্রমাণের স্বপক্ষে বাসা-বাড়ির কর দেওয়ার রশিদ/ চৌকিদারের রশিদ/ যেকোনো ইউটিলিটি বিলের কপি বা জমির দলিলের ফটোকপি নিয়ে যেতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচির বিস্তারিত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। হটলাইন ১০৫ নম্বরে ফোন করেও জানা যাবে।
ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় ১৯ হাজার ৬৫৬ জন অনুপস্থিত ছিলেন, ভোটারযোগ্য এসব নাগরিকরাও কেন্দ্রে এসে ভোটার হতে পারবেন।
ঢাকা জেলায় মোট ভোটার রয়েছে ৭৬ লাখ ৫৯ হাজার ৭৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরীসহ পুরো জেলায় হালনগাদে ২ লাখ ৩৫ হাজার ৯১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
