২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলামত নষ্টের অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

মামলার আলামত ‘অসৎ উদ্দেশ্যে নষ্ট করার’ অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

বরখাস্ত মো. আমিনুর রহমান দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন।

কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তারের একটি মামলার আলামত নষ্ট করার দায়ে আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ মঙ্গলবার বরখাস্তের ওই আদেশে সই করেন বলে জানান প্রণব।

আদেশে বলা হয়, ২০১৫ সালের ২৩ অগাস্ট নওগাঁ জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করে দুদক।

পরে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে আমিনুর রহমানকে নিয়োগ দেয় কমিশন। তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তিনি আদালতে অভিযোগপত্র দেন।

মামলার জব্দ করা মূল আলামত ১০ হাজার টাকা তদন্ত কর্মকর্তা আমিনুর রহমানের আলমারিতে সংরক্ষিত ছিল। সেখান থেকে তা ‘হারিয়ে যায়’।

আদেশে বলা হয়, “ফাঁদ মামলার আলামতের টাকা অসৎ উদ্দেশ্যে হারিয়ে ফেলে দায়িত্ব পালনে গুরুতর অবহেলা এবং অসদাচরণ করেছেন আমিনুর রহমান। এ কারণে তাকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য হয়ে পড়েছে।”