২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কটে বহুপাক্ষিক কূটনীতিতেও গুরুত্ব গওহর রিজভীর

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় যোগাযোগের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতার  উপরও জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 09:47 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

সোমবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “সমস্যার সমাধান দ্বিপাক্ষিকভাবে না বহুপাক্ষিকভাবে হবে সেটা নিয়ে বিতর্ক আছে। আবারও কেউ বলে উভয়টাই গ্রহণ করতে হবে। হ্যাঁ। সেটার খুব প্রয়োজন।”

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বিআইআইএসএস এবং রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের যৌথ আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠান হয়।

মিয়ানমারে নিপীড়িত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর তাদের ফেরত পাঠাতে দেশটির সঙ্গে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ। আগে থেকেও বাংলাদেশে রয়েছে আরও ৪ লাখের বেশি রোহিঙ্গা।

সম্প্রতি মিয়ানমারের একজন মন্ত্রীর বাংলাদেশ সফর এবং দ্বিপক্ষীয় সংলাপ আয়োজনে ইন্দোনেশিয়ার প্রস্তাবকে ইতিবাচক বলেছেন গওহর রিজভী।

রোহিঙ্গা সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার কথাও বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা; যেখানে আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোকেও সক্রিয় করার কথা বলেন তিনি।

“আমরা যদি কার্যকর চাপ অব্যাহত রাখতে না পারি, তাহলে সমস্যা সমাধানে সক্ষম হব না। আমাদের এটাকে আন্তর্জাতিকীকরণ করতে হবে। একই সঙ্গে আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”

মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা তুলে ধরে গওহর রিজভী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী সমর্থন আদায়ের জন্য দিল্লিতে ছুটে যাননি, মানে তিনি অলস বসে নেই। তার সঙ্গে এ বিষয়ে বহু দেশের নিবিড় যোগাযোগ রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে নানা দেশের সঙ্গে যোগাযোগে তিনি সেই চাপ অব্যাহত রাখার কাজ করেছেন।”

রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা এখনও কার্যকর হয়নি বলে মনে করেন তিনি। 

“আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা করেছে, পোপ নিন্দা করেছেন, অসংখ্য দেশ নিন্দা করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও নিন্দা করেছে, কিন্তু তারা প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা নির্যাতন বন্ধে ব্যর্থ হয়েছে।”

জাতিসংঘের সংস্কার চান গওহর রিজভী

রোহিঙ্গা সঙ্কটসহ পৃথিবীর নানা প্রান্তে উদ্যোগ নিতে ব্যর্থতার প্রেক্ষাপটে জাতিসংঘে সংস্কার চেয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ও হার্ভার্ড কেনেডি স্কুলে পড়িয়ে আসা গওহর রিজভী।

এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো এবং ভিটো অপব্যবহার ঠেকাতে সাধারণ পরিষদের ক্ষমতা বাড়ানোর কথা বলেন তিনি।

গওহর রিজভী বলেন, “প্রতিষ্ঠার সময় পঞ্চাশের মতো সদস্য রাষ্ট্রের মধ্যে ৫টি ছিল (ভিটো ক্ষমতাধর)। বর্তমানে সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ১৯৩। এখনো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা পাঁচই।

“বর্তমানে জাতিসংঘের বিতর্কের একটা বড় অংশজুড়ে নিরাপত্তা পরিষদের আওতা বাড়ানোর বিষয়ে। এটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আওতা বাড়ানো হোক।”

ভিটো ক্ষমতার সঠিক প্রয়োগের উপায় বাতলে দিয়ে তিনি বলেন, জাতিসংঘ যদি তার কাজের বৈধতা ধরে রাখতে চায়, সাধারণ পরিষদকে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বদলে দেওয়ার ক্ষমতা দিতে হবে। অনেক দেশের অভ্যন্তরীণ ব্যবস্থা এক্ষেত্রে সহায়তা করতে পারে।

“অধিকাংশ দেশে সংসদ যদি কোন আইন পাস করে রাষ্ট্রপতি সেটা বাতিল করে দিতে পারেন। বাতিল করলে আবার সেটা সংসদের ফিরে আসে। তখন সংসদ আবার সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার পাস করে নিতে পারে। এই ব্যবস্থাটা আমরা জাতিসংঘেও বাস্তবায়ন করতে পারি।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন ‘শরণার্থী সমস্যা এবং শান্তির প্রতি হুমকি’ এবং সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেরল স্টাফ মাইনুল ইসলাম ‘জাতিসংঘের শান্তি রক্ষা মিশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

রোটারি ক্লাব রমনার প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্য বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান, রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর এফ এইচ আরিফ, রোটারি ক্লাব শ্যামলীর পিবি আবিদ উল্লাহ বক্তব্য দেন।