২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ নভেম্বরের মধ্যে সাত কলেজের পরীক্ষার ফল: ঢাবি উপাচার্য

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 04:49 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এই ঘোষণা দেন উপাচার্য।

ফল প্রকাশের দাবিতে রোববার দিনভর নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভের পর সোমবারও একই কর্মসূচি রেখেছিল শিক্ষার্থীরা। 

সকাল ৯টা থেকে অবরোধে বসার কথা থাকলেও ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের মধ্যস্থতায় আলোচনার পথ খোলে।

সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সোয় ১টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে এই আলোচনায় ছাত্রলীগের এই দুই নেতাও উপস্থিত ছিলেন। 

বৈঠকে উপাচার্য বলেন, “৩০ নভেম্বর ফলাফল দেওয়ার ডেডলাইন দিচ্ছি। এর আগেও হয়ে যেতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সহায়তায় এ বিষয়টি দেখা হচ্ছে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সাহায্যের কারণেই ৩০ নভেম্বর ফল প্রকাশের ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে জানান তিনি।

Image
সাংবাদিকদের মুখোমুখি আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফয়জুর মেহেদী

সাংবাদিকদের মুখোমুখি আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফয়জুর মেহেদী

“ঢাকা বিশ্ববিদ্যালয় একা কাজ করলে আগামী ছয় মাসেও আমরা ফলাফল দিতে পারতাম না। ঢাবিতে এই সাত কলেজের পরীক্ষার রেজাল্ট নিয়ন্ত্রণের কোনো টিম নেই। আমরা এই সাত কলেজ নিয়ন্ত্রণে একেবারেই অভ্যস্ত নই। ভবিষ্যতে যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সাহায্য নিতে না হয় সেজন্য আমরা আমাদের টিম রিফর্ম করব।”

আলোচনা শেষে আন্দোলনকারীদের মুখপাত্র সরকারি কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের (২০১১-১২ শিক্ষাবর্ষ) শেষ বর্ষের ফল প্রার্থী ফয়জুর মেহেদী সাংবাদিকদের জানান, উপাচার্যের দেওয়া ডেটলাইনের প্রেক্ষিতে ৩০ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ফয়জুর বলেন, “যেহেতু উপাচার্য মহোদয় দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র এক মাস হলো, উনার গুছিয়ে উঠতে সময় লেগেছে, গতকাল এবং আজ তিনি আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন।”

শুধু ফল ঘোষণাই নয়, উপাচার্যের সঙ্গে আরো পাঁচ দাবি নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

ডিগ্রিসহ অনার্সের সব বিভাগ ও বর্ষের পরীক্ষার সূচি ও ফল প্রকাশ এবং দ্রুত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের আশ্বাস উপাচার্য দিয়েছেন বলে জানান ফয়জুর।

তিনি বলেন, “উপাচার্যের সম্মান রক্ষার্থে এবং তার আশ্বাসের ভিত্তিতে আমরা আশা করছি যে আমাদের আর রাস্তায় নামতে হবে না।”