সাত কলেজ: নিউ মার্কেট মোড়ে দিনভর অবরোধ, সোমবার ফের অবস্থান
পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নিউ মার্কেট মোড়ে দিনভর অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
তাদের এই বিক্ষোভের কারণে রোববার সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে আটটি সড়কে সারাদিন যান চলাচল বন্ধ থাকে।
সন্ধ্যা ৬টায় অবস্থান তুলে নেওয়ার আগে আন্দোলনকারীরা সোমবার সকাল ৯টায় আবারও নিউ মার্কেট মোড় অবরোধের কর্মসূচি ঘোষণা করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন। তবে আমাদের আগের পরীক্ষার ফলাফল এবং পরবর্তী পরীক্ষার রুটিনের বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমাদের এ অবরোধ চলবে।”
সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরাবরে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।
চলতি বছরের ৩ জানুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়। আর দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয় ৬ ফেব্রুয়ারি, চলে ১৪ মার্চ পর্যন্ত। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এই সাতটি কলেজ হল- ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজ ও মিরপুর সরকারি বাঙলা কলেজ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই কলেজগুলো গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর শিক্ষার্থীরা পরীক্ষাসহ নানা বিষয়ে বিড়ম্বনায় পড়ে।
পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে জুলাইয় মাসে বিক্ষোভে নামে এই সাত কলেজের শিক্ষার্থীরা। গত ২০ জুলাই শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের শেলে দৃষ্টিশক্তি হারান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
আন্দোলনের মুখে কর্তৃপক্ষ সে সময় পরীক্ষার সূচি ঘোষণা করলেও এখন আবার ফল প্রকাশের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া কবি নজরুলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহ পরাণ রিপন বলেন, “আমরা সেদিন প্রেস কনফারেন্স করেছি। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা একজন আরেকজনের দিকে দোষ চাপাচ্ছেন। এর ফলে আমরা ভোগান্তির শিকার হচ্ছি।”
বেলা সোয়া ১২টার দিকে নিউ মার্কেট মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
শিক্ষার্থীদের তিনি বলেন, “আমরা অনেক দুঃখিত যে তোমাদের ভরদুপুরে রাস্তায় আন্দোলনে নামতে হয়েছে। এর দায় আমাদের, এর দায় বিশ্ববিদ্যালয়ের।
উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দেন, নভেম্বরের মধ্যে তাদের ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু শিক্ষার্থীরা ‘না না’ বলে অবস্থান থেকে সরে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন, তিনি নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করার কথা বলেছেন। কিন্তু পরীক্ষার নয় মাস পর আবারও কেন নভেম্বর?”
ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, “এ দাবিতে এর আগে শহীদ মিনারের অনশন কর্মসূচি পালন করেছি, সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সাত দিনের মধ্যে ফল প্রকাশের বিষয়ে জানাবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু কিছুই জানাতে পারেননি। আজ নভেম্বরে ফল প্রকাশের যে আশ্বাস তিনি দিলেন, তার ওপর আমাদের বিশ্বাস নেই।”
সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে সংক্ষিপ্ত সমাবেশ থেকে পরদিন আবারও সমবেত হওয়ার ঘোষণা দিয়ে নিউ মার্কেট মোড় ছেড়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. সাজ্জাদ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে গেছেন। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বসে তারা এ বিষয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন।”
