মঙ্গলবার স্তন ক্যান্সার সচেতনতা দিবস
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও রোটারি ইন্টারন্যাশনাল ‘ডিস্ট্রিক্ট ৩২৮১’ যৌথভাবে আগামী মঙ্গলবার দেশব্যাপী ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস’ পালন করবে।
দিবসটি পালনে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়ে স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম।
ফোরামের প্রধান সমন্বয়ক এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের নারীদের সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি স্তন ক্যান্সারে। প্রতি বছর এখানে প্রায় ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন আর মারা যান সাত হাজারের বেশি।
“প্রাথমিক অবস্থায় রোগটি শনাক্ত হলে, উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা শতকরা ৯০ ভাগের বেশি।”
এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন তিনি।
রাসকিন জানান, ১০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে আলোচনা শেষে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ করবেন তারা। এসময় উত্তরা পর্যন্ত ১৫টি স্পটে জরুরি তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হবে।
এছাড়াও ১১ অক্টোবর বিকাল ৩টা থেকে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে নারী সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা, ১৩ অক্টোবর বিকাল ৩টায় ঢাকা বিশবিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা, ১৪ অক্টোবর সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির নারী সদস্যদের জন্য স্তন ক্যান্সার সচেতনতার ওপর বিশেষ আলোচনা সভা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
