৯৯৯-এ সেবা নভেম্বর থেকে পুরোদমে
জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে চালু করা হেল্পলাইন ৯৯৯ আগামী নভেম্বর থেকে পুরোদমে চালু হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছর পরীক্ষামূলকভাবে ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ নামে এই টেলিসেবাটি চালু করে; এখন তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক সাংবাদিকদের বলেন, “আমরা এটি নিয়ে কাজ করছি। আশা করছি, নভেম্বরের শুরুর দিকে এ সেবা চালু করতে পারব।”
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ৯৯৯ নম্বরে কল করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স-এই তিনটি সেবা পাওয়া যাবে।
কীভাবে এ সেবাটি কার্যকর করা যাবে, তা নিয়েও তারা আলোচনা করবেন বলে জানান মন্ত্রী।
গত এক বছর ধরে পরীক্ষামূলক সেবার অভিজ্ঞতা তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “৯৯৯ সেবাটির মাধ্যমে গত এক বছরে আমরা প্রায় ৩৩ লাখ কল রিসিভ করেছি। তাই কীভাবে আমরা এটিকে ইমপ্লিমেন্ট করব, আমরা সেই দিক-নির্দেশনা সাজিয়েছি। আর এটা লঞ্চিং ও মনিটরিং হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে।”
