আলোকচিত্রে রোহিঙ্গা
মিয়ানমারে সেনা সদস্যদের হাতে স্বজন হারিয়েছেন কেউ, কেউ হারিয়েছেন সম্ভ্রম-প্রাণ বাঁচাতে দলে দলে দেশান্তরী হওয়া এই মানুষদের দুঃখ-যন্ত্রণার গল্প তুলে ধরা আলোকচিত্র নিয়ে হয়ে গেল প্রদর্শনী ‘মিয়ানমার টু বাংলাদেশ’।
১৩ জন আলোকচিত্রীর ৪০টি ছবি নিয়ে শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সাজানো হয় এই প্রদর্শনী। সকালে শুরু হয়ে তা চলে রাত অবধি।
এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে মিডিয়া মিক্স কমিউনিকেশনস। এতে স্থান পাওয়া আলোকচিত্রগুলো সংগ্রহ করা হয়েছে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের আলোচিত্র সাংবাদিক ও বিভিন্ন সংস্থার কর্মীদের কাছ থেকে, যারা সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কাজ করেছেন।
১৬ বছরের কিশোরী আঞ্জুমান পাড়া। রাখাইন রাজ্যের এই চপলা কিশোরীর জগতটা হঠাৎ বদলে যায় এক বিকালে, গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে মিয়ানমারের সেনারা।
স্কুল থেকে সে ফিরতেই বাবা- মা, আর ছোট ভাইয়ের হাত ধরে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। কিন্তু ঘাতকের বুলেট ততক্ষণে কেড়ে নিয়েছে তার স্বজনদের প্রাণ। কিশোরী মেয়েটি ধরা পড়ে সেনাদের হাতে। তারপর ধর্ষিতা হয় মেয়েটি। স্বজন হারানো মেয়েটি সব হারিয়ে পাড়ি দেয় সমুদ্র। ঠাঁই হয় এক শরণার্থী ক্যাম্পে।
মেয়েটি জানে না, সে এখন কোথায় যাবে?
নাফ নদীর ওপারে পুড়ছে গ্রামের পর গ্রাম। এপারে বাংলাদেশ সীমান্তে সেই আগুনের লেলিহান শিখা নিস্পলক দৃষ্টিতে দেখছে হতভাগ্য রোহিঙ্গারা। পিছু নেওয়া মিয়ানমারের সৈন্যদের থেকে প্রাণ বাঁচাতে দলে দলে মানুষ ছুটে আসছে বাংলাদেশে।
রোহিঙ্গা এক বাবার এক হাতে শেষ সম্বলটুকু একটি বস্তায়, আর আরেক হাতে নিজের ছোট্ট সন্তান। এক শিশুর কাঁধে চড়ে আরেক শিশু কাদামাটির পথ পাড়ি দিয়ে ঢুকছে বাংলাদেশে।
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পরপরই এক রোহিঙ্গা অন্তঃসত্ত্বা নারী রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘরে জন্ম দিয়েছেন তার সন্তানের। খোলা আকাশের নিচে তার ছোট্ট শরীরে এখনও জড়ানো যায়নি একটু কাপড়। এই সব চিত্র উঠে এসেছে প্রদর্শনীতে।
প্রদর্শনীটি দেশব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
