২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাপেটরা হতে পারে শিশুশিক্ষার গুরুত্বপূর্ণ বাহন’

পাপেট চরিত্রের উদ্ভাবনী পরিবেশনার মাধ্যমে শিশুদের জ্ঞানবিজ্ঞানের বর্ণিল পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 10:07 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

শুক্রবার বিকালে ‘ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যালের’ উদ্বোধনী আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিনোদনের মাধ্যমে শিশুর শিক্ষাগ্রহণে পাপেট শোর উপকারিতা ও জনপ্রিয়তা আজ বিশ্বস্বীকৃত। পাপেট চরিত্রের নিত্য নতুন উদ্ভাবনী পরিবেশনায় শিশুরা আনন্দ রাজ্য ভ্রমণের মাধ্যমে সহজেই শিখতে পারে বর্ণমালা, গণিত, পরিবেশ, স্বাস্থ্যসহ সৃজনশীলতার নানা অধ্যায়।”

শিশুদের পাঠদান প্রক্রিয়া আরও আনন্দময় করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিশুরা যেন আনন্দ আর মজার ভেতর দিয়ে লেখাপড়া করে। লেখাপড়া যেন কখনও ছকবাধা বা গৎবাধা না হয়। মারধর না করে ভালোবাসার মধ্য দিয়ে তাদের বেড়ে ‍ওঠা আমরা সুনিশ্চিত করব।”

সমাজের অধিকারবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ‘বিশেষ যত্ন’ নেওয়ার আহ্বান জানান চুমকি।

উদ্বোধনী অনুষ্ঠানে লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, “শিশুরা ভালো না থাকলে দেশ ভালো থাকে না। আমাদের তাদের আনন্দময় জীবন নিশ্চিত করতে হবে। চাইলেই বাচ্চাদের জন্য অনেক কিছুই করা যায়, যেমনটি আজকের এই আয়োজন।”

‘বিকশিত শিশু মানে আলোকিত পৃথিবী’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শুরু হওয়া এ পাপেট ফেস্টিভ্যাল চলবে শনিবার পর্যন্ত। উৎসবের সহ আয়োজক হিসেবে রয়েছে একর কমিউনিকেশনস, সেভেনথ সেন্স, কুল এক্সপোজার।

উৎসবে শিশুদের জন্য প্রতিদিন দুটি করে পাপেট শো পরিবেশিত হবে।

শুক্রবার পরিবেশিত হয় পাপেট থিয়েটার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার অব বাংলাদেশ এবং ঢাকা পাপেট থিয়েটারের নাটক। 

শনিবার পরিবেশিত হবে ইনভেন্টরস পাপেট এবং জলপুতুলের নাটক।

ইনভেন্টরস পাপেটের জন্ম ২০১২ সালে। শিক্ষা প্রতিষ্ঠান, মঞ্চ ও টেলিভিশনে শিশু ও বড়দের জন্য নিয়মিত পরিবেশনা ছাড়াও পাপেট নিয়ে নিরীক্ষাধর্মী কাজ ও কর্মশালার আয়োজন করছে দলটি।