২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা’

রাজধানীর মধ্যবাড্ডায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 05:24 PM

Updated : 12 Apr 2022, 12:28 AM

নিহত সোমা আক্তার মধ্যবাড্ডা এলাকার মনির হোসেনের স্ত্রী। গলায় ছুরিকাঘাতের জখন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনির।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শুক্রবার দুপুরে মধ্য বাড্ডায় একটি আধা পাকা টিনশেডে স্ত্রীকে হত্যা করেন মনির; নিজেও গলার শ্বাসনালী কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নয়ন খান রিপন নামে মনিরের ভাগ্নি জামাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মনির ও সোমার ঝগড়া লাগে। এসময় তাদের তের বছর বয়সী মেয়ে মারিয়াকে ঘর থেকে বের করে দেয়।

কিন্তু ঝগড়ার এক পর্যায়ে সোমার চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে দুজনকে রক্তাক্ত দেখতে পায়।

মনির কোনো কাজ করতেন না জানিয়ে নয়ন বলেন, কয়েকটি আধা পাকা টিনশেড ভাড়া দিয়ে পায় ৩৫ হাজার টাকা পেত। তা দিয়েই তাদের সংসার চলত।

পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা বলে নয়নের ধারণা।

সোমার গলা কাটা আর মনিরের গলায় ছুরিকাঘাতের জখম রয়েছে বলে জানান ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া।