২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য সরকারের খরচ ১০ টন চাল, ৩০ লাখ টাকা

দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি পর্যাপ্ত ত্রাণ মেলায় তাদের জন্য বাংলাদেশ সরকারকে এখনও খুব বেশি খরচ করতে হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 05:45 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

মিয়ানমারের এই শরণার্থীদের জন্য এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ১০ টন চাল এবং ৩০ লাখ টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত ২৫ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

এদের জন্য সরকারের সহায়তার বিষয়ে জানতে চাইলে মায়া বলেন, “বাংলাদেশে নতুন একটি ইতিহাস হয়েছে, আমরা চার মাসে পাঁচটি দুর্যোগ মোকাবেলা করেছি। সবার সহযোগিতায় আমরা এটা কাটিয়ে উঠতে পারছি, এটা আমাদের উপর মরার উপর খাঁড়ার ঘা।

“ওই আলোকে আমরা সঙ্গে সঙ্গে ডিসি মহোদয়ের কাছে ৫০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা পাঠিয়ে দিয়েছি। শুনলে আশ্চর্য হবেন, এর মধ্যে মাত্র ১০ টন চাল ও ৩০ লাখ টাকা খরচ হয়েছে।”

চলতি বছর দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ সাত কোটি টাকা এবং সাড়ে ১৯ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

Image
ত্রাণের আশায় রোহিঙ্গারা

ত্রাণের আশায় রোহিঙ্গারা

Image
রোহিঙ্গাদের জন্য আসা ভারতীয় ত্রাণ

রোহিঙ্গাদের জন্য আসা ভারতীয় ত্রাণ

বাংলাদেশের মানুষ সহায়তা নিয়ে এগিয়ে আসায় রোহিঙ্গাদের জন্য প্রতিদিন ৫০ থেকে ১২৫ টন ত্রাণ পাওয়া যাচ্ছে বলে জানান মন্ত্রী।

“শুধু চাল নয়; ডাল, পেঁয়াজ, লবণ যার যা সামর্থ্য আছে তাই নিয়ে যাচ্ছেন। শীত আসেনি, তারপরও কম্বল নিয়ে যাচ্ছেন।”

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তা বাদ দিলে এখন রোহিঙ্গাদের জন্য দিনে ১২০ টন চাল লাগছে, যার সংস্থানে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

“প্রতিদিন যদি ১২০ টন লাগে, তবে মাসে প্রয়োজন প্রায় ৪ হাজার টন। ডেইলি যদি ১০০ টনও যায়, তবে ৩০ দিনে ৩ হাজার টন, আমরা তো আছিই। আমাদের তো এখনও খরচই করতে হয়নি।”

আগামী ১৫ অক্টোবরের পর কুতুপালংয়ের রাস্তাঘাট ‘ফকফকা’ হয়ে যাবে মন্তব্য করে ত্রাণমন্ত্রী বলেন, বর্ধিত ক্যাম্প এলাকা আলোকিত করতে নয় কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ করা হচ্ছে। ক্যাম্পে পরিবেশবান্ধব চুলা সরবরাহ করা হচ্ছে। ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে ১৮ কিলোমিটার ও এলজিইডি মাধ্যমে নয় কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে।

রাজনৈতিক ফায়দা নয়

রোহিঙ্গাদের কেন্দ্র করে কাউকেই ‘রাজনৈতিক ফায়দা’ লুটতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ত্রাণমন্ত্রী মায়া।

Image
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবির

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবির

তিনি বলেন, “আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর। রাত্রে যারা ঘোরফেরা করেছে এমন ১৫০ জনকে ধরে তারা আইনের আওতায় নিয়ে নিয়েছেন।

“মিয়ানমারের নাগরিকদের নিয়ে রাজনৈতিক ফায়দা কাউকে নিতে দেওয়া হবে না। এটা নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। এটা নিয়ে দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”

তিনি বলেন, “ত্রাণের উছিলা দিয়ে মানুষকে অন্য দিকে ধাবিত করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর। যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে।”

পরিচয় ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গারা এখন থেকে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ হিসেবে পরিচিত হবেন বলে ত্রাণ সচিব শাহ কামাল জানিয়েছেন।

Image
বাস্তুভিটা হারিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা

বাস্তুভিটা হারিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা

তিনি বলেন, “বাংলাদেশে আসা রোহিঙ্গারা ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ হিসেবে পরিচিত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি দিয়ে এটা জানিয়েছে। আমরা এখন থেকে এটাই ব্যবহার করব।”

“আমরা এদের রিফিউজি (শরণার্থী) বলছি না। এই পরিচয়ের (বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) কারণে ধরে নেওয়া হচ্ছে তারা রিফিউজি নয়, তারা আমাদের এখানে আশ্রয়প্রার্থী। দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠাব, দেশের স্বার্থেই এটা করা হয়েছে।

পুরনো খবর:

কুতুপালং ক্যাম্পে থাকবে সব রোহিঙ্গা: ত্রাণমন্ত্রী