২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ভিসা সেন্টার এখন ‘ক্যাশলেস’

এখন থেকে এটিএম কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভারতীয় হাই কমিশনের ভিসা আবেদন ফি জমা দিতে হবে, নগদ টাকায় নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 03:57 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান থেকে ঢাকার শ্যামলীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ‘ক্যাশলেস’ সেবার উদ্বোধন করেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি।

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার উপস্থিততে এ অনুষ্ঠানে সারা দেশে ভারতীয় হাই কমিশনের ১২টি ভিসা আবেদন কেন্দ্রকেই ‘ক্যাশলেস’ সেন্টার ঘোষণা করা হয়।

উদ্বোধনের পর রাজধানীর শ্যামলী ও সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের প্রথম দুই জন ‘ক্যাশলেস’ ভিসা আবেদনকারীর কাজের প্রক্রিয়ার ভিডিও দেখানো হয় সরাসরি। জানানো হয়, এ প্রক্রিয়ায় ফি সংক্রান্ত বিষয়ের পরিচালনা করবে স্টেট ব্যাংক ইন্ডিয়া।

একই অনুষ্ঠানে স্টেট ব্যাংক ইন্ডিয়ার চালু করা ট্র্যাভেল কার্ড নিয়েও একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। ভারতের যে কোনো প্রান্তে ভ্রমণকারীরা এ কার্ড ব্যবহার করতে পারবেন।

এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা রিপ্রেজেনটিটিভ অফিসও উদ্বোধন করেন অরুণ জেটলি।

উদ্বোধনের পরে বক্তৃতায় ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি নগদবিহীন অর্থনীতির দিকে যাওয়ার ক্ষেত্রে সেদেশের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, দুই দেশের শেকড় একই এবং চ্যালেঞ্জগুলো প্রায় একই রকম।

“ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এর বড় অংশের অর্থনীতি নগদ লেনদেনের উপর বিকশিত। দেশের অর্থনীতি যদি নগদ অর্থের উপর বেশি নির্ভরশীল হয়, নিশ্চিতভাবেই অর্থের অভিশাপ আপনাকে ভোগাবে।” 

এ ক্ষেত্রে নগদকেন্দ্রিক অর্থনীতিতে কর ফাঁকি, কালো টাকা, দুর্নীতি এবং জঙ্গি অর্থায়নের সুযোগ তৈরির বিষয়গুলোও সামনে আনেন অরুণ জেটলি।

তিনি বলেন, নগদ মুদ্রা নির্ভর অর্থনীতি দুর্নীতির জন্য সহায়ক পরিবেশ তৈরি করে, যা শেষ পর্যন্ত গরিব মানুষের বিপক্ষে যায়।

সরকারি তথ্য অনুযায়ী, চিকিৎসা, ব্যবসা, বেড়ানোসহ বিভিন্ন কারণে প্রতিদিন গড়ে তিন হাজার বাংলাদেশি নাগরিক ভারতে যান। এ হিসাবে প্রতিবছর ভারত সফর করেন প্রায় ১১ লাখ বাংলাদেশি ।

ভিসা পেতে নানা জটিলতার পরও ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকদের মধ্যে সংখ্যার বিচারে বাংলাদেশিরা আছে দ্বিতীয় অবস্থানে।