২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আ. লীগ

জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 07:48 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকালে এ তথ্য জানান।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের সাথে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতৃবৃন্দের নিকট প্রশংসা কুড়িয়েছে। সারা দুনিয়া, বিশ্ববাসী শেখ হাসিনার এই সাহসী সিদ্ধান্ত এবং মনের উদারতার প্রশংসা করেছে। এটা বাঙালি জাতির গর্বের বিষয়। রোহিঙ্গাদের সাথে আজকে বাংলাদেশ যে আচরণ করেছে, এটা গোটা বিশ্বে বিরল ঘটনা।

“আর এইজন্য আমরা বঙ্গবন্ধুকন্য দেশে ফেরার দিন সংবর্ধনা দিব। সাথে সাথে দেশের বিশিষ্ট নাগরিকরাও তাকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে যাবে।”

শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ঢাকা পৌঁছাবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “তিনি এবারও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিকতা বজায় রেখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দিয়েছেন। আজকে রোহিঙ্গা স্রোত গোটা জাতীয় জীবনে প্রভাব ফেলেছে। বিশ্বের অন্যান্য দেশে শরণার্থী প্রবেশের প্রথম ধাপে বাধা দেয়, আর বাংলাদেশের অসম সাহসী বঙ্গবন্ধুকন্যা রোহিঙ্গা প্রবেশে আমাদের সীমান্ত খুলে দিয়েছে।

“তিনি বলেছেন, মানুষকে বাঁচাতে হবে, এটা একটা জাতিগত নিধন, এটা একটা গণহত্যা। এখানে শিশু, নরনারী বিপন্ন মানুষকে আমরা সাগরে ফেলে দিতে পারি না।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণভবণ থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুইপাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে অভিবাদন জানানো হবে।

“কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে এই সংবর্ধনা দেওয়া হবে।”

পুরনো খবর:

রোহিঙ্গাদের রক্ষার প্রস্তাব জাতিসংঘে তুললেন হাসিনা