২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা বিসর্জনে দুর্গার বিদায়

মহালয়া তিথিতে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহনের মাধ্যমে যে শারোদী উৎসবের সূচনা হয়েছিল, শনিবার রাতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সেই উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 12:15 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

তিথি অনুযায়ী, সকাল ৯টা ৫৮ মিনিটে ‘দর্পন বিসর্জন’র পরই শেষ হয়ে যায় দুর্গোৎসবের মূল আচার-অনুষ্ঠান। তারপর চলে সিঁদুর খেলা। পরে বিকালে শোভাযাত্রা সহকারে সারা দেশের প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় সমুদ্র, নদী বা কাছের কোনো জলাশয়ে।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিৎ চক্রবর্তী বলেন, “মাটির প্রতিমায় ‘মৃন্ময়ী’ দর্শন করেন হিন্দুরা। সেই মৃন্ময়ীর চিন্ময় রূপের আরাধনা শেষে হয় দর্পণ বিসর্জন। 

Image
বিসর্জনের জন্য শনিবার শোভাযাত্রাসহ দুর্গা প্রতিমা নেওয়া হয় বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে। ছবি: তানভীর আহাম্মেদ

বিসর্জনের জন্য শনিবার শোভাযাত্রাসহ দুর্গা প্রতিমা নেওয়া হয় বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে। ছবি: তানভীর আহাম্মেদ

“দর্পণ বিসর্জনের সময় প্রতিমার সামনে একটি আয়না রেখে তাতে দেবীকে দেখে তার কাছ থেকে সাময়িক সময়ের জন্য বিদায় নেন ভক্তরা। মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে আবার ভক্তের হৃদয়ে ‘মাকে’ নিয়ে আসাকে বিসর্জন বলে।”

বিকাল সাড়ে ৩টায় নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ১৮০টি প্রতিমা এসে জড়ো হয় পলাশীতে। তারপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি মঙ্গল শোভাযাত্রা সহকারে প্রতিমাগুলো নিয়ে যান পুরান ঢাকার ওয়াইজঘাটে। বুড়িগঙ্গায় নৌকায় করে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় মাঝনদীতে। তারপর মঙ্গল ধ্বনি, উলুধ্বনি আর শাঁখ-ঢাক ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয় বুড়িগঙ্গায়।

Image
দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শনিবার হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে। ছবি: তানভীর আহাম্মেদ

দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শনিবার হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে। ছবি: তানভীর আহাম্মেদ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রতিমা বিসর্জন দেওয়া হয় প্রথমে। তারপর একে একে কলাবাগান, ফার্মগেইট, মহাখালীসহ নগরীর অন্যান্য এলাকার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। এ দুটো মন্দিরের মঙ্গলঘট ও নবপত্রিকা বিসর্জন দেওয়া হয় শুধু।

Image
নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়। ছবিটি শনিবার ঢাকার ওয়াইজ ঘাটে বুড়িগঙ্গা নদী থেকে তোলা। ছবি: তানভীর আহাম্মেদ

নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়। ছবিটি শনিবার ঢাকার ওয়াইজ ঘাটে বুড়িগঙ্গা নদী থেকে তোলা। ছবি: তানভীর আহাম্মেদ

বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

পরে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা এক বিবৃতিতে বলেন, “ধর্ম যার যার উৎসব সবার-আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষের এই সার্বজনীন বিশ্বাস এই উৎসবের মধ্য দিয়ে যেমন প্রমাণিত হয়েছে, তেমনি ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ অসাম্প্রদায়িক মানুষের এই বিশ্বাসও  প্রমাণিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

Image
প্রতিমা বিসর্জনের আগে শনিবার রাজধানীর কলাবাগানের এক পূজামণ্ডপে গানের তালে তালে চলছে রঙের খেলা। ছবি: আব্দুল মান্নান

প্রতিমা বিসর্জনের আগে শনিবার রাজধানীর কলাবাগানের এক পূজামণ্ডপে গানের তালে তালে চলছে রঙের খেলা। ছবি: আব্দুল মান্নান

বিসর্জন শেষে পূজামণ্ডপের ঈশান কোণে অষ্টদল পদ্ম এঁকে অপরাজিতার লতা রেখে পূজা করা হয় দেবী অপরাজিতার, এটা দেবী দুর্গার এক অন্য রূপ।

পুরোহিত রঞ্জিৎ চক্রবর্তী বলেন, “তবে এই দেবীর মূর্তি অন্যরকম। ইনি চতুর্ভুজা দেবীর হাতে শঙ্খ, চক্র, বর ও অভয়মুদ্রা; গায়ের রং নীল; ত্রিনয়না ও মাথায় চন্দ্রকলা। দেবীকে আমরা বৈষ্ণবী শক্তি বিষ্ণুমায়া লক্ষ্মী ও শিব শক্তি শিবানীর বলে কল্পনা করি।”

এ বছর সারা দেশে ৩০ হাজার ৭৭টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে, ঢাকা মহানগরীতে এর সংখ্যা ছিল ২৩১।

Image
শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের দিন শনিবার কলাবাগানে সিঁদুর খেলা। ছবি: আব্দুল মান্নান

শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের দিন শনিবার কলাবাগানে সিঁদুর খেলা। ছবি: আব্দুল মান্নান

১৯ সেপ্টেম্বর মহালয়ায় দেবীকে মর্ত্যে আবাহনের পর ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হয় দুর্গোৎসব।

শাস্ত্র বলছে, সপ্তমী অর্থাৎ দেবীর আগমনের দিন বুধবার এবং ফেরার দিন শনিবার হওয়ায় দুর্গা এবার আসেন নৌকায় চড়ে, যান ঘোড়ায়।

দুর্গার নৌকায় চড়ে মর্ত্যে আসার অর্থ হল- ‘শস্যবৃদ্ধিস্তুথাজলম’। অর্থাৎ শস্যবৃদ্ধির সম্ভাবনা। আর ঘোড়ায় চেপে দেবীর বিদায়ের মানে হল- ‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’। মানে- রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অপমৃত্যুর শঙ্কা। 

Image
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে রঙের খেলায় আনন্দ উদযাপন। শনিবার কলাবাগানের ছবি। ছবি: আব্দুল মান্নান

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে রঙের খেলায় আনন্দ উদযাপন। শনিবার কলাবাগানের ছবি। ছবি: আব্দুল মান্নান

দুর্গোৎসবের পর কোজাগরী পূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করবে লক্ষ্মী পূজা, অমাবস্যায় হবে কালী পূজা। কালী পূজার পরদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিজয়া সম্মেলনের আয়োজন করেছে।