২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুঁড়াদুধের কার্টনে আমদানি নিষিদ্ধ সিগারেট

ঢাকার শাহজালাল বিমানবন্দরে গুঁড়াদুধের কার্টনে করে আনা প্রায় সাড়ে পাঁচ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 08:54 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বৃহস্পতিবার বিমানবন্দরের জিপিওর সর্টিং সেন্টার থেকে এসব সিগারেট আটক করেন।

শুল্ককরসহ আটক সিগারেটের আনুমানিক মূল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকা বলে শুল্ক ও গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ল্যাক্টোজেন, সেরেলাকসহ কয়েকটি ব্র্যান্ডের গুঁড়াদুধের ছোট আকৃতির ৩৪৮টি কার্টনে করে এসব সিগারেট আনা হয়েছিল।  

‘ব্ল্যাক’ ব্র্যান্ডের সিগারেটগুলো জিপিওর মাধ্যমে মালয়েশিয়া থেকে চট্টগ্রামের জনৈক মো. রাজ্জাকের নামে আনা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর জিপিওর সর্টিং সেন্টার থেকে ১৬ হাজার শলাকার সিগারেটের একটি চালান আটক করেছিল শুল্ক গোয়েন্দারা।