২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ হক এখনও ‘পরাণের গহীন ভেতরে’

প্রথম মৃত্যুবার্ষিকীতে সৈয়দ শামসুল হককে স্মরণ করলেন তার গুণমুগ্ধরা; তুলে আনলেন সব্যসাচী এই লেখকের লেখনীর নানা দিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 01:00 AM

Updated : 19 Aug 2022, 05:39 PM

বুধবার বাংলা একাডেমিতে এই স্মরণসভায় তার সুহৃদরা বললেন, চির বিদায় নিলেও তাদের ‘পরাণের গহীন ভেতরে’এখনও রয়েছেন সৈয়দ হক।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক, সাহিত্যের সব শাখায় ছিল যার বিচরণ।

সৈয়দ হককে নিয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির স্মরণানুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “তিনি শুধু সহিত্য সৃষ্টি করে সব্যসাচী হয়নি। তিনি সাহিত্য না, ভাষা সৃষ্টি করেছেন। তিনি ভাষাকে গঠন করেছেন।”

বিশ্ববিদ্যালয় জীবনে সৈয়দ হকের সঙ্গে পরিচিতির স্মৃতিচারণও করেন মুহিত।

অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন সৈয়দ শামসুল হকের স্ত্রী লেখক আনোয়ারা সৈয়দ হক, নাট্যজন রামেন্দু মজুমদার, কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই, প্রাবন্ধিক মফিদুল হক, কবি রুবি রহমান, স্থপতি-লেখক শাকুর মজিদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি ওসমান গণি এবং বর্তমান সভাপতি মাজহারুল ইসলাম।

সাহিত্যের সব শাখায় সৈয়দ হকের বিচরণের বিষয়টি তুলে ধরে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তিনি দুইটি ধারাকে ফিরিয়ে এনেছিলেন- দীর্ঘ্যকাব্যনাট্য ও কাব্যনাট্যধারা।

“যখন আমাদের কথাসাহ্যিতিকরা গ্রাম জীবন নিয়ে লিখছেন, তখন তিনি যে নগর গড়ে উঠেনি, সেই নগর নিয়ে লিখেছেন। তার প্রথম দিকের রচনায় যে ঢাকাকে পাই, তা সমসামায়িক নয়, ভবিষ্যতের ঢাকা ছিল।”

আনোয়ারা সৈয়দ হক বলেন, “৩০-৪০ বছর ধরে শুনে আসছি, তিনি কতবড় লেখক। কিন্তু তিনি আমার কাছে সহজ-সরল, বন্ধুপ্রাণ, সৌখিন এক মানুষ। তিনি কখনও নিজের লেখার সঙ্গে আপস করেননি।”

জীবিত অবস্থায় সৈয়দ হকের লেখার ‘সঠিক মূল্যায়ন হয়নি’ বলেও অনুযোগ করেন তার স্ত্রী।

রামেন্দু মজুমদার সৈয়দ হককে ‘সবচেয়ে বড় কৃতিত্ব’টি দিতে চান দেশের কাব্যনাট্যকে শক্ত ভিত দেওয়ার জন্য।

“তিনি প্রমাণ করেছিলেন কাব্যনাট্য যদি সঠিকভাবে লেখা যায় এবং ভালোভাবে নিদের্শিত হয়, তাহলে মানুষের মনে জায়গা করে নিতে পারে। তিনি নাট্যাঙ্গনে আরেকটি কারণে চিরআসন পাবেন, সেটা হলো শেকসপিয়ারের গুরুত্বপূর্ণ নাটকগুলোর অনুবাদ।”

হাসনাত আবদুল হাই বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প-সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে বিচরণ করেননি। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের পরে স্বীকৃতি ও স্মরণীয় হয়ে আছেন। তাদের পরেই অবস্থানটি সৈয়দ শামসুল হকের।”

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, “আমার জীবদ্দশায় সৈয়দ হকের সমগোত্রীয়, বহুমাত্রিক, সৃষ্টিশীল মানুষ আর দেখিনি। বাংলা সাহিত্যের বাঁক পরিবর্তনের জন্য তার সাহিত্যকর্ম আমদের অনুপ্রাণিত করবে।”