২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুদদার-খাদ্য কর্মকর্তা যোগসাজশ তদন্তে দুদকের কমিটি

খাদ্য বিভাগের কিছু কর্মকতা ও অসাধু প্রতিষ্ঠানের যোগসাজশে চালসহ খাদ্যপণ্য মজুদের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 05:07 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, সংস্থার উপ-পরিচালক মো. আহমার-উজ্জামানকে কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে।

কমিটির দুই সদস্য হলেন সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মো. সায়েদুজ্জামান।

“কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে,” বলেন প্রণব।

অনুসন্ধানটির তদারক কর্মকর্তা হিসেবে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ার পেছনে মিল মালিকসহ মজুদদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযোগ রয়েছে।

আর ‘ঘুষ নিয়ে’ অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও।

‘কতিপয় খাদ্য সরবরাহকারী মজুদদার ব্যবসায়ী ও খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বেআইনিভাবে খাদ্য মজুদ করে দেশে কৃত্রিম চালের সংকট সৃষ্টির’ বিষয়ে সম্প্রতি দুদকে অভিযোগ এসেছে।

এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটিতে এক আলোচনা সভায় জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

পুরনো খবর:

মজুদদার-খাদ্য কর্মকর্তায় ‘যোগসাজস’ তদন্ত করবে দুদক