২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

দিনাজপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 04:26 PM

Updated : 12 Apr 2022, 12:21 AM

একইসঙ্গে মেয়র হিসেবে দায়িত্ব পালনে তাকে বাধা না দিতে নির্দেশ দিয়েছে আদালত।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নুসরাত ইয়াসমিন সুমাইয়া, মো. মোসাদ্দেক বিল্লাহ ও মো. রেজাউল করিম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদুল আলম।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সৈয়দ জাহাঙ্গীর আলমকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। 

এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

আদালত সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে বলে জানান আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, এর আগে ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছিল।

পরে ৯ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করে মেয়র পদে পুনর্বহাল হন তিনি।

সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।