২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ান স্টপ সার্ভিস’ বিল সংসদে

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের প্রস্তাব তোলা হয়েছে সংসদে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 05:32 PM

সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী সোমবারের অধিবেশনে ‘ওয়ান স্টপ সার্ভিস বিল ২০১৭’ বিল উত্থাপন করেন। 

বিলের প্রস্তাবে বলা হয়, বিনিয়োগকারীদের প্রস্তাবিত কোনো প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় যে কোনো সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে এ আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি এ আইনের অধীনে অর্পিত দায়িত্ব পালনে অবহেলা এবং নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদনের নিস্পত্তি না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। 

চলতি বছর মে মাসে মন্ত্রিসভার বৈঠকে এই বিলের খসড়া নীতিগত অনুমোদন পায়। সরকারের পক্ষ থেকে সে সময় বলা হয়, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই নতুন এ আইন করা হচ্ছে। 

বিলটি পাস হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ‘কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করবে।

ট্রেড লাইসেন্স, জমি রেজিস্ট্রেশন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ, টেলিফোন-ইন্টারনেট সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ ২৭টি ক্যাটাগরিতে এসব সেবা দেওয়া হবে। এক জায়গায় বসেই যাতে এসব অনুমোদন পাওয়ো যায়, সে সুযোগ থাকবে আইনে।

অর্থাৎ, এ আইন হলে কোনো বিনিয়োগকারীকে আর প্রাথমিক অনুমোদন ও অন্যান্য অনুষ্ঠানিকতার জন্য অফিসে অফিসে ঘুরতে হবে না। যে কোনো জায়গায় বসে অনলাইনেই স্বল্পতম সময়ে সেবা পাওয়া যাবে এবং নতুন ব্যবসা শুরুর জটিলতা অনেকাংশে লাঘব হবে। বিনিয়োগকারীদের কোন সেবা কত দিনের মধ্যে দিতে হবে তা বিধি দিয়ে নির্ধারণ করা হবে। 

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস দিয়ে আসছে। কিন্তু ওই ব্যবস্থা আরও কার্যকর করে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধি ও জোন পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার পদ্ধতিকে বিধিবদ্ধ করা, এ আইনকে প্রচলিত অন্যান্য আইনের ওপর প্রাধান্য দেওয়া, নির্ধারিত সময়ের মধ্যে সেবা দিতে ব্যর্থতার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে সেবা দান নিশ্চিত করা প্রয়োজন। 

উত্থাপনের পর পরীক্ষা-নীরিক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। 

বীজ বিল উত্থাপন

সামরিক শাসনামলে করা অধ্যাদেশ রহিত করে কৃষি বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার সমন্বয়ে ‘বীজ বিল, ২০১৭’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। 

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করার পর তা পরীক্ষা করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। 

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, দেশে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বীজ উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, মাননিয়ন্ত্রণ, আমদানি-রপ্তানি এবং কৃষক পর্যায়ে গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহের জন্য ‘দি সিড অর্ডিন্যান্স, ১৯৭৭’ রহিত করে বাংলা ভাষায় ‘বীজ আইন, ২০১৭’ প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।   

এছাড়া ‘বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস অর্ডার, ১৯৭২’ রহিত করে ‘বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস বিল, ২০১৭’ পাসের জন্য এদিন জাতীয় সংসদে প্রস্তাব তুলেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম। 

নিয়ম অনুযায়ী এ বিলও ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।