মান্নান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর
সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে।
ফাইল ছবি
রোববার মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ছিল।
আসামিদের আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মান্নান খান এবং তার স্ত্রী হাসিনা সুলতানা আদালতে হাজির ছিলেন।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ অগাস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
এছাড়া তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।
