২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান খান ও স্ত্রী হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রের সঙ্গে তদন্তের কাগজপত্র যুক্ত না থাকায় ফের পিছিয়েছে অভিযোগ গঠন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2017, 03:34 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ মামলায় আগামী ২ এপ্রিল পরবর্তী দিন রেখেছেন  বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার আরিফুর রহমান।

এর আগে ২২ জানুয়ারি মান্নান খান দম্পতির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা পৃথক দুটি মামলায় এর আগে কমপক্ষে ৮টি তারিখে আসামিপক্ষ এ শুননির জন্য সময় চেয়েছিল বলে জানান দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম। 

২০১৪ সালের ২১ অগাস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার ৩ দিনের মাথায় ২৪ অগাস্ট মান্নান খান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

অপরদিকে তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক। এর দুই দিনের মাথায় ২৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন হাসিনা সুলতানা।

এরপর তদন্ত শেষে ২০১৫ সালের ১১ অগাস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

অভিযোগপত্রে দেখা যায়, তার আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দুই কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা এবং তিনি সম্পদের তথ্য গোপন করেছেন ৩১ লাখ ৪৫ হাজার টাকার।

তদন্ত শেষে হাসিনা সুলতানার বিরুদ্ধে ২০১৫ সালের ৯ জুন আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যেখানে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

২০১৫ সালের ১১ অগাস্ট মান্নান খানের বিরদ্ধে অভিযোগপত্র দাখিলের পর ৩ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়।

নথিপত্রে দেখা যায়, মামলাটি ২০১৫ সালের ২২ নভেম্বর আমলে নেওয়ার বিষয়ে শুনানি শেষে বিচারের জন্য গ্রহণ করা হয়। এরপর শুনানির জন্য ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়।

অপরদিকে মান্নান খানের স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলাটি বিচারের জন্য ২০১৫ সালের ১১ মে ঢাকা মহানগর আদালতে বদলি হয়।

এরপর সাত নম্বর বিশেষ জজ আদালতে চার্জ গঠন শুনানির মাধ্যমে বিচার শুরুর জন্য পাঠানো হয়। কিন্তু দফায় দফায় সময় আবেদন করায় তার বিরুদ্ধেও বিচার শুরু করা সম্ভব হয়নি।