ঢাকায় মাদকের মামলায় চারজনের কারাদণ্ড
সাড়ে তিন বছর আগে ঢাকার মাতুয়াইলে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় চারজনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জালাল উদ্দিন আহাম্মদ এ রায় দেন।
রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
রায় থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ জানুয়ারি দুপুরে মাতুয়াইলে ফাইভ স্টার ভিলা থেকে ২৯ হাজার ৮০০ ইয়াবা এবং মাদক বিক্রির ১১ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করে র্যাব ১০ এর একটি দল।
ওই সময় চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
পরে র্যাবের নায়েক সুবেদার শাহ আলম ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু নাসের স্বপন বলেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে।
