বিচারপতি সিনহার অনুষ্ঠান বর্জনের ঘোষণা আওয়ামী আইনজীবীদের
অপসারণে আন্দোলনের হুমকি দেওয়ার পর প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বাতিল ও প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে ধারাবাহিক কর্মসূচির ষষ্ঠ দিনের প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার এ ঘোষণা দেন তারা।
সমাবেশে সংগঠনটির সদস্য সচিব ফজলে নূর তাপস অক্টোবরের আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, না হলে অক্টোবর থেকে সারাদেশে এক দফার আন্দোলন গড়ে তোলা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এই প্রতিবাদ সমাবেশ হয়।
তাপস বলেন, “আমরা এস কে সিনহা সাহেবের সকল কর্মকাণ্ড, কর্মসূচি অবশ্যই বর্জন করব, প্রত্যাখ্যান করব এবং পরিহার করব। কোনো আইনজীবী তার (প্রধান বিচারপতির) কোনো প্রোগ্রামে যাবেন না।”
সমাবেশে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, “এস কে সিনহা যে কর্মসূচিতে যাবে সেই কর্মসূচি আমরা পরিহার করব।
“ঢাকা বারে জন্মাষ্টমীর আয়োজন করা হয়েছিল। সেখানকার আইনজীবীরা বলেছিলেন উনি (প্রধান বিচারপতি) আসলে আমরা তার গাড়ির সামনে শুয়ে পড়ব। সেই অনুষ্ঠান ঢাকা বার অ্যাসোসিয়েশন বাতিল করেছে। তিনি কি এর ভাষা বুঝতে পারছেন না?”
সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায়ে যে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি দিয়েছেন, তা ক্ষুব্ধ আওয়ামী লীগ এবং দলটির সমর্থক আইনজীবীরা।
ওই রায় বাতিলে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের কর্মসূচির প্রতিক্রিয়ায় এক শুনানিতে প্রধান বিচারপতির যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মতো সরানোর হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তুলে বিচারপতি সিনহার পদত্যাগের দাবি তোলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
তবে বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, গণমাধ্যমে প্রতিবেদনে তাকে ‘মিসকোট’ করা হয়েছে এবং এই কারণে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।
তাপস বলেন, “আমাদের সামনের আন্দোলন হবে, এক দফা এক দাবি। তিনি (প্রধান বিচারপতি) তো অপ্রাসঙ্গিক বক্তব্য এক্সপাঞ্জ করেননি, এরই মাঝে আবার শপথও ভঙ্গ করেছেন এবং শপথ ভঙ্গের কারণে তিনি আর সেই পদে আসীন থাকতে পারেন না।”
সমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, “একজন অবসরপ্রাপ্ত বিচারপতি একটি টক শোতে বলেছেন, পাঁচজন বিচারপতি ওই পর্যবেক্ষণের সঙ্গে একমত হননি। তাহলে এই পর্যবেক্ষণ আপনি (প্রধান বিচারপতি) একা দিয়েছেন। আপনাকে অবশ্যই বন্ধের (সুপ্রিম কোর্টের অবকাশ) মধ্যেই এই পর্যবেক্ষণ প্রত্যাহার করতেই হবে।
“তা না হলে আমরা যে কর্মসূচি দেব, সেটা আপনি ভাবতে পারছেন না।”
