অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের বিধি না হওয়ায় হাই কোর্টের রুল
মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে বিধি প্রনয়ণের বিধান থাকার পরও তা না করায় বিবাদীদের ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রুল জারি করে।
স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারী পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, রিট আবেদনকারী ফাতেমা জোহরা ২০১৫ সালে তার মেয়ে ফাহমিদাকে একটি কিডনি দান করেছিলেন। কিন্তু সেটি কাজ করেনি।
“ফাহমিদা এখন ডায়ালেসিসে অছে। আবারও তার কিডনি প্রতিস্থাপন দরকার। সেজন্য ডোনার পেলেও কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে না বিদ্যমান আইনের কারণে। জনস্বার্থ বিবেচনায় বুধবার তিনি এই রিট আবেদন করেছেন। আজ প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছে।”
আইনজীবী রাশনা বলেন, বিদ্যমান আইনে দাতা হিসেবে নিকটাত্মীয়দের কথা বলা আছে। আর নিকটাত্মীয় বলতে পিতা-মাতা, ভাই-বোন, চাচা, ফুফু, মামা ও স্বামী-স্ত্রীকে বলা হয়েছে।
কিন্তু ভারতে এ বিষয়ক আইনে নিকটাত্মীয়ের সংজ্ঞায় ওই ক’জন ছাড়াও নানা-নানী, দাদা-দাদি এবং খালাতো, মামাতো, চাচাতো ভাইবোনের কথাও বলা আছে।
এছাড়া ভারতের আইনে বিশেষ ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে নিকটাত্মীয় ছাড়াও অন্যরা দাতা হতে পারেন। কারা বিশেষ পরিস্থিতিতে দাতা হতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া আছে ওই আইনে।
“দাতাকে ১৮ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত বয়সের ব্যক্তি হতে হয়। মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিতে হয়। কিন্তু আমাদের আইনে এর পরিধি সঙ্কুচিত করে রাখা হয়েছে। তাছাড়া ১৯৯৯ সালের আইনে এ বিষয়ে বিধি করার কথা বলা আছে, যা আজও করা হয়নি।”
আইন করার পর গত দেড় যুগে বিধি প্রণয়ন না হওয়ায় সরকার ইতোমধ্যে আত্মীয়ের সংজ্ঞা পরিবর্তন করে অঙ্গ-প্রত্যঙ্গ দেওয়া-নেওয়ার ক্ষেত্রে অনুমোদিত রক্তসম্পর্কিতদের পরিধি বাড়াতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।
গত ১৭ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) আইন- ২০১৭’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা বিল হিসেবে জাতীয় সংসদে তোলা হবে।
খসড়ায় বলা হয়েছে, আপন নানা, নানী, দাদা, দাদী, নাতি, নাতনী, চাচাতো-মামাতো-ফুফাতো-খালাতো ভাই বা বোনরাও রক্তসম্পর্কিত হিসেবে অঙ্গ-প্রত্যঙ্গ দান ও গ্রহণ করতে পারবেন।
সরকারি হাসপাতালের বিশেষায়িত ইউনিট ছাড়া অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সব ধরনের হাসপাতালের জন্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে অনুমোদিত খসড়ায়।
