২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে সূচিতে গড়বড়

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে প্রায় তিন ঘণ্টা বহির্গমন কার্যক্রম বন্ধ থাকার পর অন্তত দেড় ডজন আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2017, 01:30 AM

Updated : 11 Oct 2022, 02:22 PM

পুরনো খবর:

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড

হজ মৌসুমের মধ্যে শুক্রবার জুমার নামাজের পরপর বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক করতে আরও দেড় ঘণ্টা পেরিয়ে যায়।  

আগুন লাগার পর ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে গেলে বিভিন্ন ফ্লোরের অধিকাংশ কর্মী এবং ভেতরে চেক ইন ও ইমিগ্রেশনে থাকা যাত্রীদের বাইরে বের করে আনা হয়।

নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বহির্গমন ফটক।

অ্যারাইভালের পথ খোলা থাকলেও যাত্রীদের অনেককে উড়োজাহাজে অপেক্ষা করতে হয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য।

আগুন নিয়ন্ত্রণে আনার পর বিকাল পৌনে ৫টার দিকে অপেক্ষমাণ যাত্রীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে চেক ইন ডেস্ক ও ইমিগ্রেশনে যাত্রীদের ব্যাপক চাপ তৈরি হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বিভিন্ন এয়ারলাইন্স ও ইমিগ্রেশন কর্মকর্তাদের।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট মিলিয়ে তাদের মোট সাতটি ফ্লাইট অগ্নিকাণ্ডের কারণে বিলম্বিত হয়েছে। 

“অন্যান্য এয়ারলাইন্সের কথা জানি না, বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট বিলম্বিত রয়েছে। টার্মিনাল যখন বন্ধ ছিল, প্যাসেঞ্জার ঢুকতে পারেনি, সিকিউরিটি চেক করতে পারেনি, যাত্রীরা বোর্ডিং কার্ড নিতে পারেননি।

“পরে যখন (পরিস্থিতি স্বাভাবিক হলে) একটা চাপ এসেছে, তখন সিস্টেম ওভারলোডেড হয়ে গেছে।”

অন্যান্য এয়ারলাইন্সের কর্মকর্তারা একই ধরনের কথা জানালেও একে সূচি বিপর্যয় বলে মানতে রাজি নন শাহজালাল বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগুনের ঘটনার জন্য কোনো ফ্লাইট ডিজরাপশন হয়নি। সৌভাগ্যক্রমে এটা এমন একটা সময়ে হয়েছে যে সমস্যা হয়নি। তবে প্যাসেঞ্জারদের টার্মিনালে আসতে কিছু সময় বেশি লেগেছে। যেহেতু সেখানে ধোঁয়া ছিল, তাদের কিছুটা ডিসকমফোর্ট হয়েছে। অ্যারাইভালের ক্ষেত্রে কাউকে কাউকে বিমানে অপেক্ষা করতে হয়েছে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত না হলেও তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয় পুড়ে গেছে। 

তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তারা জানাতে পারেননি। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

আতঙ্ক, উৎকণ্ঠা আর ভোগান্তি

এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের একজন কর্মী জানান, বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় যে অংশে আগুন লেগেছে, সেখানে এয়ার ইন্ডিয়া, বিমান, সৌদিয়াসহ কয়েকটি বিমান পরিবহন সংস্থার কার্যালয় রয়েছে। বিমানের স্টেশন অফিসারও ওই ফ্লোরে বসেন। এছাড়া রয়েছে বিমানবন্দরের স্কাই লাউঞ্জ।

ওই ফ্লোরের একটি বিমান পরিবহন সংস্থার বিপণন কর্মকর্তা জানান, বেলা দেড়টার দিকে ফায়ার অ্যালার্ম শুনে বেরিয়ে এসে তিনি দেখতে পান, তৃতীয় তলা ধোঁয়ায় ছেয়ে গেছে। বিমানবন্দরের অটো ফায়ার ডিটেকটরের ডিসপ্লেতে তখন লেখা দেখাচ্ছিল- ‘ফায়ার অন এয়ার ইন্ডিয়া ফ্লোর’।

চারদিক ধোঁয়ায় ছেয়ে গেলে যাত্রী আর কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা সবাইকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে ওই ফ্লোরের একজন কর্মচারী জানান।

আবদুল খালেক নামের একজন আনসার সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, বেলা ২টার দিকে কাজে যোগ দিতে বহির্গমন গেইটে এসে তিনি আগুন লাগার খবর পান। ততক্ষণে তিনতলার ড্রাইভওয়ে ফাঁকা হয়ে গেছে।

“আমরা কয়েকজন নিরাপত্তাকর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি এয়ার ইন্ডিয়া, সৌদিয়া এয়ারলাইন্স ও কাতার এয়ারলাইন্সের অফিস থেকে ধোঁয়া বেরোচ্ছে।”

একজন হজযাত্রীর সঙ্গে আসা আব্দুস সাত্তার জানান, রাত ৮টা ১০ এ তার বাবার ফ্লাইট থাকায় দুপুরেই ইমিগ্রেশনে ঢোকার চেষ্টা করেন তারা। কিন্তু উপরে উঠতে গিয়ে লোকজনকে দ্রুত নিচে নেমে আসতে দেখেন। কিছুক্ষণ পর তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বিমানবন্দরে পর্যটন করপোরেশন কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, “আমাদের অফিস দোতলায়। নামাজের পরপরই সাইরেন বেজে উঠল। স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি হল। পরে আমাদের বের করে আনা হল, কর্মকর্তারাও সবাই আসলেন।”

বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে যাত্রীদের টার্মিনাল ভবন থেকে ড্রাইভওয়েতে নিয়ে যান। বোর্ডিং ব্রিজে অবস্থানরত যাত্রীদের নিরাপদে এয়ার ক্র্যাফটে উঠে যেতে সাহায্য করেন।

বিমানবন্দর এপিবিএনের ফার্স্ট রেসপন্স টিমের সদস্যরা ততক্ষণে টার্মিনালের গেইটে অবস্থান নেন। সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিসকে আগুনের খবর দেওয়া হয়।

ভেতর থেকে সবাইকে বের করে আনায় এবং বাইরের কাউকে ঢুকতে না দেওয়ায় বিমানবন্দরের বাইরে বিপুল ভিড় জমে যায়। শুক্রবার ছুটির দিনের দুপুরেও বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় যানজট।   

যারা বিদেশ থেকে ফেরা স্বজনকে আনতে বিমানবন্দরে গিয়েছিলেন, দীর্ঘ সময় তাদের বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে হয়। আর যারা বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেও ঢুকতে পারেননি, তাদের পড়তে হয় অনিশ্চয়তার মধ্যে।

আসলামউদ্দিন নামের এক হজযাত্রী জানান, ভেতরে ধোঁয়ার মধ্যে ছুটোছুটি শুরু হলে তিনি বেরিয়ে এসেছিলেন। পরে আর ঢুকতে পারেননি।

ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হয়। বিকাল পৌনে ৫টার দিকে বহির্গমনের ফটক খুলে দেওয়া হয় বলে রাশেদা সুলতানা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ফয়সাল আতিক জানান, ওই সময়ও ভবনের তৃতীয় তলা থেকে বৈদ্যুতিক যন্ত্রাংশ পোড়ার তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছিল।

এয়ার ইন্ডিয়ার কাস্টমার সার্ভিসের কর্মকর্তা তাজুল ইসলাম বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পুরো অফিস পুড়ে গেছে। লকার, কাগজপত্র ও টাকাপয়সা যা ছিল, সব পুড়ে গেছে। আমাদের পাশে কাতার এয়ারের একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এয়ার ইন্ডিয়ার এই কর্মকর্তা। 

আগুনে এয়ার ইন্ডিয়ার পাশের সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারলাইন্সের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন নিরাপত্তাকর্মী জানান।

উত্তরা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার শফিকুর ইসলাম বলেন, “এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আরও সময় লাগবে।”

এলোমেলো সূচি

শাহজালাল বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা যায়, শুক্রবার বেলা দেড়টা থেকে রাত ৯টা পর্যন্ত আন্তর্জাতিক রুটের অন্তত ১৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, আড়াই ঘণ্টা দেরিতে বিকাল ৪টায় সেটি ঢাকা ছাড়ে।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ২টা ৩৫ মিনিটের ফ্লাইট কুনমিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় নির্ধারিত সময়ের পৌনে চার ঘণ্টা পর, সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। মালদিভিয়ান এয়ারলাইন্সের ৪টা ২০ মিনিটের চেন্নাইগামী ফ্লাইট গেছে রাত ৯টায়।

ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট বিকাল সাড়ে ৪টার জায়গায় সন্ধ্যা ৭টা ১ মিনিটে ঢাকা ছেড়েছে।

জেট এয়ারওয়েজের কলকাতাগামী ফ্লাইট আড়াই ঘণ্টা দেরি করে বিকাল ৫টা ২০ মিনিটের জায়গায় রাত ৮টার পর ঢাকা ছাড়ে।

হংকং এয়ারলাইন্সের হংকংগামী ফ্লাইটে বিলম্ব হয়েছে পৌনে এক ঘণ্টা; ৫টা ৫৫ মিনিটের জায়গায় ৬টা ৪১ মিনিটে ফ্লাইট ছেড়েছে।

স্পাইস জেটের কলকাতাগামী ফ্লাইট সন্ধ্যা সাড়ে ৬টার জায়গায় ৭টা ৩৯ মিনিটে শাহজালাল ত্যাগ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাত ৭টা ৫৫ মিনিটের জেদ্দার ফ্লাইট ছেড়েছে দেড় ঘণ্টা দেরিতে, রাত ৯টা ৩১ মিনিটে।

সৌদিয়া এয়ারলাইন্সের জেদ্দাগামী ফ্লাইট সোয়া এক ঘণ্টা বিলম্বে রাত ৯টা ২৮ মিনিটে ছেড়ে গেছে। তাদের আরও দুটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ১৫ মিনিটের মত দেরিতে ছেড়ে যায়। 

এছাড়া এমিরেটস, নভো এয়ার, ওয়ামোস এয়ার, এয়ার অ্যারাবিয়া, সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্বিত হওয়ারও তথ্য এসেছে ওয়েবসাইটে।

তদন্ত কমিটি

বিমানবন্দরে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

তিন কর্মদিবসে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন।
সিভিল এভিয়েশনের পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বাধীন ওই কমিটিতে সংস্থার সহকারী পরিচালক আবু সালেহ মো. খালেদ (অগ্নি),  নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ, ডিজিএফআইয়ের প্রতিনিধি হাবিবুর রহমান ও এনএসআইয়ের প্রতিনিধি ননী গোপালকে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস এ ঘটনায় আলাদা তদন্ত কমিটি করেছে। উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে গঠিত তিন সদস্যের এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।