তামাকপণ্যের প্যাকেটে সতর্কবাণীর নির্দেশনা বাস্তবায়নে মানববন্ধন
তামাকপণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনানুগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে তামাকবিরোধী সংগঠনগুলো।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে এই মানববন্ধনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন, উবিনীগ, ডব্লিউবিবি ট্রাস্ট, বিসিসিপি, টিসিআরসি, প্রজ্ঞাসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠন অংশ নেয়।
মানববন্ধন শেষে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
তামাক কোম্পানিগুলোর হস্তক্ষেপে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আইনানুগ বাস্তবায়ন আবারও ভেস্তে যেতে বসেছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এক গণবিজ্ঞপ্তিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সব ধরনের তামাকজাত পণ্যের প্যাকেটের উপরের অংশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক করেছে।
এর বিরোধিতা করে বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠিয়েছে জানিয়ে বক্তারা শঙ্কা প্রকাশ করেন, আবারও ব্যান্ড রোল বা স্ট্যাম্পের দোহাই দিয়ে প্যাকেটের নিম্নভাগে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ পুনর্বহাল হতে পারে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সিগারেট কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলেও দাবি করেন তারা।
এই প্রেক্ষাপটে সিগারেটের প্যাকেটের সামনে বা পিছনের পরিবর্তে পার্শ্বদেশে
লম্বালম্বিভাবে স্ট্যাম্প বা ব্যান্ডরোল লাগিয়ে এ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তামাকবিরোধীরা।
এতে একদিকে ২০১৭ সালের স্ট্যাম্প বা ব্যান্ডরোল নির্দেশনাও প্রতিপালন হবে এবং অন্যদিকে ২০১৩ সালের আইন ও ২০১৫ সালের বিধিমালা প্রতিপালন করে প্যাকেটের উভয়পার্শ্বে উপরিভাগে পঞ্চাশ ভাগ স্থান জুড়ে ছবিযুক্ত সতর্কবাণী অক্ষত রাখা সম্ভব হবে বলে যুক্তি দেন তারা।
