বিবাহিত কিশোরীদের জন্য ‘ইমেজ প্লাস’ প্রকল্প
বিবাহিত কিশোরীদের জীবনমান উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে ‘ইমেজ প্লাস’ নামে একটি প্রকল্প শুরু হয়েছে।
বৃহস্পতিবার গুলশানের স্পেকট্রা কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন হয়। এর আওতায় বিবাহিত কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নতি, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিকল্পিত পরিবার নিশ্চিতে কাজ করা হবে।
টেরে ডেস হোমস নেদারল্যান্ডস, রেডঅরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স, টেরে ডেস হোমস ফাউন্ডেশন, পল্লীশ্রী ও এসকেএস ফাউন্ডেশন সম্মিলিতভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
২০১৪ সালে উত্তরবঙ্গের তিনটি জেলার বিভিন্ন ইউনিয়নের সাড়ে চার হাজার বিবাহিত কিশোরী ও তাদের পরিবার নিয়ে কাজ করে ‘ইমেজ’ প্রকল্প। তারই সাফল্যের ধারাবাহিকতায় এ বছর আরও তিনটি জেলার বিবাহিত কিশোরীদের নিয়ে কাজ করতে ‘ইমেজ প্লাস’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান নতুন প্রকল্পের ব্যবস্থাপক ফারহানা জেসমিন হাসান।
প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হওয়ায় দেশের সার্বিক উন্নয়ন তাদের ছাড়া সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, “জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এটা তো পুরনো হিসাব। কিন্তু এই নারীদের যে জনশক্তিতে পরিণত করতে হবে তা এই সরকারের আগে কেউ ভাবেনি। আমাদের সরকারকেই নতুন করে এটি নিয়ে ভাবতে হচ্ছে। এ কারণেই নারীর জীবনমান উন্নয়ন কর্মে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের কিছুটা সময় লাগছে।”
নারী উন্নয়নে অবদানের জন্য ইউএনও ও ডিসিদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারে বলেন, “বাল্যবিবাহ একইসঙ্গে শিশু অধিকার ও মানবাধিকারের স্পষ্ট লংঘন। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের কথা কেউ বলে না, তাদের অস্তিত্বকেই যেন অস্বীকার করা হয়। এই মেয়েদের দৃশ্যমান করে তোলার এখনই সময়।
“নেদারল্যান্ডস সরকারের একটি বাল্যবিবাহ তহবিল রয়েছে। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নেদারল্যান্ডস এর আগেও বাংলাদেশকে সহায়তা করেছে, ভবিষ্যতেও করার আশা রাখে।”
