আইভি রহমানকে স্মরণ মহিলা সমিতির
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত দলটির তখনকার মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানকে স্মরণ করেছে বাংলাদেশ মহিলা সমিতি (বামস)
বুধবার প্রয়াত এই নেত্রীকে স্মরণে রাজধানীর বেইলী রোডের বামস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
আইভি রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ছিলেন এতে প্রধান অতিথি।
আইভি রহমান প্রতিষ্ঠিত বামসের কর্মজীবী নারী প্রশিক্ষণ বিভাগ পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে অনুষ্ঠানে সনদপত্র তুলে দেওয়া হয়।
বামসের সভানেত্রী সিতারা আহসানউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পাক্ষিক অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মাসুদা বিনতে কাদের এবং ঢাকা চক্ষু হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন আলোচনায় অংশ নেন।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ডাকা সন্ত্রাস বিরোধী সমাবেশে এক গ্রেনেড হামলায় মারাত্বকভাবে আহত হন দলের তখনকার মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান।
মৃত্যুর সঙ্গে ৫৮ ঘণ্টা লড়াই করে ২৪ অগাস্ট মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান।
সেদিনের গ্রেনেড হামলায় আইভি ছাড়াও আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মী নিহত হন, আহত হন অসংখ্য।
