অপু উকিলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
টেলিভিশন টকশোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে এক ছাত্রদল নেতার করা মানহানির মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান এই আবেদন করেছিলেন।
অভিযোগ শোনার পর ঢাকার মহানগর হাকিম কে এম মাইনুদ্দিন আহমেদ সিদ্দিকী বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছিলেন।
বাদীর আইনজীবী মহসিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদীর কীভাবে মানহানি হয়েছে তা সুস্পষ্টভাবে আবেদনে লেখা না থাকায় বিচারক তা খারিজ করে দিয়েছেন।”
পেশায় আইনজীবী জিল্লুর রহমানের আর্জিতে বলা হয়, গত ২ অগাস্ট চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে অপু উকিল যে বক্তব্য দিয়েছেন, তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি হয়েছে।
“ওই অনুষ্ঠানে অপু উকিল বলেছেন, বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার পর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমি পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, যা আমাদের আরো বেশি ভাবি তুলেছে। আর তা হল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইতোমধ্যে লন্ডনের তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে যুদ্ধাপরাধী মাইনুদ্দিনসহ জামায়াতের অনেক নেতারা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থারও অনেকে ছিল।সেই বৈঠকের মূল বিষয় ছিল, জননেত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক হত্যা করতে হবে।’
অপু উকিলের এসব কথা ‘আমাদের সময়’সহ অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে আদালতকে জানান জিল্লুর।
আর্জিতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ‘পরোপকারী, নির্লোভ, নিরহংকারী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ’ হিসেবে বর্ণনা করে বলা হয়, “তিনি দেশনেত্রী। এই ধরনের কথায় বাদীর নেত্রীর মানহানি হয়েছে এবং দেশে-বিদেশে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”
