২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃদ্ধাকে হত্যা করে গয়না লুট: ৪ জনের মৃত্যুদণ্ড

ঢাকার দোহারের আয়েশা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করে টাকা ও গয়না লুটপাটের ঘটনায় করা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 04:29 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

নয় বছর আগের এই হত্যামামলায় সোমবার আসামিদের উপস্থিতিতে ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুঁলি খন্দকার আব্দুল মান্নান জানিয়েছেন।

সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজন খাঁ, শাহনাজ বেগম, সুমন বয়াতি, মোহাম্মদ ফজল।

মামলার বরাত দিয়ে মান্নান বলেন, ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর দণ্ডিতরা পূর্ব পরিকল্পিতভাবে দোহারের সুতারপাড়া গ্রামের আয়েশা বেগমকে (৭০) বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। পরে বাড়ি থেকে দুই-তিন কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে আবদুল কুদ্দুস বাদী হয়ে দোহার থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ১৭ ডিসেম্বর দোহার থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, বৃদ্ধ আয়েশা বেগমের টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়। 

আদালতে দণ্ডপ্রাপ্তরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন; মামলায় রাষ্ট্রপক্ষের ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন বিচারক।