২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের ছেলে ভুলানোর মতো করে রাখা হয়েছে: সন্তু লারমা

দাবি জানিয়ে এলেও আদিবাসী হিসেবে স্বীকৃতি না মেলায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় আদিবাসী ফোরামের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 12:37 AM

Updated : 19 Aug 2022, 05:15 PM

রোববার এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছেন, “এ রাষ্ট্র আমাদের ছেলে ভোলানোর মতো করে রাখছে, আমরা কেউ এর সংবিধানকে নিজের বলতে পারছি না।”

তার সঙ্গে সহমত পোষণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে পার্বত্য কমিশনের সদস্য খুশি কবির বলেন, “যে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের উন্নয়নের প্রতিশ্রুতি ছিল, কিন্তু ক্ষমতায় সেই দলটিই তা ভুলে গেছে।”

নিজেদের স্বার্থ উদ্ধারে আগামী নির্বাচনকে সুযোগ হিসেবে নিতে সন্তু লারমাদের পরামর্শ দেন সিটিজেন প্ল্যাটফর্ম অন এসডিজি বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য্য।

“আপনারা বলুন, যারা আদিবাসী বিরোধী কথা বলবে, আমরা তাদের ভোট দেব না। এ কথাটি যদি আপনারা মাঠ পর্যায়ে গিয়ে বলতে পারেন, তাহলে কিছু না কিছু মানুষ নড়েচড়ে বসবে।”

রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘টেকসই উন্নয়ন এজেন্ডা ও বাংলাদেশের আদিবাসী নারী অধিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন।

সভার প্রধান অতিথি সন্তু লারমা বলেন, “বাঙালি নারীদের চেয়ে আদিবাসী নারীরা জাতিগতভাবে অধিক নিপীড়নের শিকার। বৈষম্যমূলক এ সমাজে আদিবাসী নারীর অধিকার প্রতিষ্ঠা কঠিন ব্যাপার।”

খুশি কবির বলেন, বাংলাদেশে নারীর যে নিরাপত্তাহীনতা বাড়ছে, তার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আদিবাসী নারীদের উপর।

আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, চাকমা সার্কেলের রানি ইয়ান ইয়ান।