২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬০ কোটি টাকা আত্মসাত: ২ দিনের রিমান্ডে জসিম

ঋণ জালিয়াতির মাধ্যমে ২৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে দুদক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 11:37 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

রোববার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ শুনানি শেষে এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান দুদকের প্রসিকিউশন শাখার কর্মকর্তা সাহিদুর রহমান।

তেজগাঁও থানার এ মামলায় গত বৃহষ্পতিবার ভোরে জসিম উদ্দিনকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পর শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক শাজাহান মেরাজ তাকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের হেফাজত চান। এর শুনানি হয় রোববার।

আসামিরা পরস্পর যোগসাজসে ঋণ জালিয়াতির মাধ্যমে ২৬০ কোটি ১৮ লাখ টাকা আত্মসাত করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।

অন্য আসামিরা হলেন- জসিম উদ্দিনের স্ত্রী ইয়াসমীন আহমেদ, রোজবার্ন ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখার সাবেক জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা (এসপিও) আবুল হোসেন, গোলাম রসুল এবং সাবেক সহকারী ব্যবস্থাপক জুনায়েদ মঞ্জুর।

চেক প্রতারণার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশের বৃহত্তম লৌহ সামগ্রী আমদানিকারক প্রতিষ্ঠান একে ট্রের্ডাস, নির্মাণ প্রকৌশল প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং স্টীল স্ট্রাকচার লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করে।

এসব মামলা বিচারাধীন রয়েছে বলে জানান দুদক কর্মকর্তা সাহিদুর রহমান।