২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী খুনে শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে অভিযোগপত্র

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যামামলায় কবি-গীতিকার শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 05:44 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

অভিযোগপত্রে নাগরীর সঙ্গে আসামি করা হয়েছে নিহত নুরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার সুমিকেও।

জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাগরী ও তার ‘প্রেমিকা’ সুমির বিরুদ্ধে রোববার ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রবিউল ইসলাম মামলার আরেক আসামি গাড়িচালক সেলিমকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন। হত্যাকাণ্ডে গাড়িচালকের সম্পৃক্ততার প্রমাণ পাননি তিনি।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহাবুদ্দীন নাগরী বর্তমানে জামিনে রয়েছেন। সুমি রয়েছেন কারাগারে।

Image
শাহাবুদ্দিন নাগরী (ফাইল ছবি)

শাহাবুদ্দিন নাগরী (ফাইল ছবি)

গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী নুরুল ইসলাম।

পরদিন নিহতের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন। তাতে

অভিযোগ করা হয়, সুমি বিয়ে বহির্ভূত সম্পর্কের জের ধরে স্বামী নুরুলকে হত্যা করেছে।

সুমি ও নুরুলের গাড়িচালক সেলিমকে গ্রেপ্তারের পর ১৭ এপ্রিল ভোরে রাজধানীর নিকুঞ্জের বাড়ি থেকে শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাকে কয়েকদফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

পুরনো খবর:

হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী
নাগরীকে জড়িয়ে ব্যবসায়ী নুরুলের স্ত্রীর জবানবন্দি