২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা ভাঙল বখাটেরা

খালাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীতে রড দিয়ে পিটিয়ে এক তরুণের পা ভেঙে দিয়েছে বখাটেরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 08:36 PM

Updated : 25 Jul 2022, 09:02 PM

শুক্রবার দুপুরে ঢাকার শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার এসআই মো. জাকির হোসেন জানান।

আহত আলী ইমাম রাকিব (২২) উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

রাকিবের মা বাংলাদেশ  মানবাধিকার কমিশনের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তার চাচাতো বোনের মেয়ে তাদের বাসায় আসার পথে স্থানীয় ফাহিম ও আরও দুই যুবক তাকে উত্ত্যক্ত করছিল।

“রাকিব নিচে গিয়ে এ দৃশ্য দেখে ফাহিমকে ধমক দেয় ও একটি চড় দিয়ে উপরে উঠে আসে। কিন্তু পরে নিচে নামলে ফাহিমসহ আরও কয়েকজন রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে।”

রাকিবকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তার মা বলেন, “ওর ডান পা ভেঙে গেছে। চিকিৎসকরা একটি অপারেশন করেছেন। আরও অপারেশন লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

ছেলে একটু সামলে নিলেই থানায় গিয়ে মামলা করবেন বলে জানান শারমিন।

এসআই জাকির হোসেন বলেন, “পুলিশ ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে ও হাসপাতালে গেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”